লন্ডন, ১১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ক্রিস্টিয়ানো রোনালদোকে দলে টানতে অনেক দিন ধরেই উন্মুখ রিয়াল মাদ্রিদ। গত বছর চেষ্টা করলেও ম্যানচেস্টার ইউনাইটেডের অনাগ্রহের কারণে তারা সফল হয়নি। তবে এবার বোধহয় সফল হতে যাচ্ছে স্প্যানিশ 'জায়ান্ট'রা। রোনালদোর জন্য রিয়ালের রেকর্ড-ভাঙ্গা ৮০ মিলিয়ন পাউন্ড (৯৪ মিলিয়ন ইউরো) প্রস্তাবে সাড়া দিতে ম্যানইউও রাজি।
বৃহস্পতিবার এক বিবৃতিতে ম্যানইউ জানিয়েছে, "ক্রিস্টিয়ানো রোনালদোর জন্য রিয়াল মাদ্রিদের কাছ থেকে শর্তবিহীন ৮০ মিলিয়ন পাউন্ডের বিশ্ব রেকর্ড-ভাঙ্গা প্রস্তাব পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আবারো দল ছেড়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করা ক্রিস্টিয়ানোর অনুরোধে এবং তার প্রতিনিধির সঙ্গে আলোচনা করে ইউনাইটেড রিয়াল মাদ্রিদকে তার সঙ্গে কথা বলার অনুমতি দিতে রাজি হয়েছে। আশা করা যাচ্ছে সব কিছু ৩০ জুনের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।" রিয়ালও এক বিবৃতিতে খবরটার সত্যতা স্বীকার করেছে, "আগামী কয়েক দিনের মধ্যেই ক্লাব এই খেলোয়াড়কে (রোনালদোকে) চুক্তিবদ্ধ করার আশা করছে।"
অর্থাৎ ফ্লোরেন্তিনো পেরেজের নির্বাচনী-প্রতিশ্র"তি শুধু ফাঁকা বুলিই ছিল না, তা ছিল আসলেই প্রতিজ্ঞাবদ্ধ অঙ্গীকার। গত মাসে রিয়ালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে তিনি বলেছিলেন নির্বাচিত হলে সান্টিয়াগো বার্নাব্যুতে আবার তারকা ফুটবলারদের ফিরিয়ে এনে দলকে সাফল্য উপহার দেবেন। গত সোমবার এসি মিলান থেকে ৬৮ মিলিয়ন ইউরোতে কাকাকে দলে টানা সেটারই প্রথম পদক্ষেপ। এবার ট্রান্সফার ফি'র নতুন রেকর্ড গড়েই রোনালদোকে রিয়ালে নিয়ে আসছেন পেরেজ। আগের রেকর্ডটার সঙ্গেও তার কৃতিত্ব জড়িয়ে। ২০০১ সালে পেরেজ প্রেসিডেন্ট থাকার সময়েই ৭৬ মিলিয়ন ইউরোতে জুভেন্টাস থেকে রিয়ালে যোগ দিয়েছিলেন জিনেদিন জিদান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩১ঘ.
bdnews24