২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর্জেন্টিনার সামনে ইকুয়েডর, ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে

আবার ম্যারাডোনার আর্জেন্টিনার সামনে 'অতি উচ্চতা'র ম্যাচ! গত এপ্রিলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুর লা পাজে বলিভিয়ার কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি আর্জেন্টাইনরা। সেই যন্ত্রণা বুকে চেপে এবং আশঙ্কা মাথায় নিয়ে বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে ২৮০০ মিটার উঁচুর কিটোতে ইকুয়েডরের সামনে দাঁড়াচ্ছে ম্যারাডোনার দল। একই দিনে ঘরের মাঠ রেসিফেতে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই শীর্ষ দলের লড়াই হওয়ায় ম্যাচটার গুরুত্ব বেড়ে গেছে অনেকখানি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:35 AM

কিটো/রেসিফে, ৯ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আবার ম্যারাডোনার আর্জেন্টিনার সামনে 'অতি উচ্চতা'র ম্যাচ! গত এপ্রিলে সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুর লা পাজে বলিভিয়ার কাছে ১-৬ গোলে বিধ্বস্ত হওয়ার যন্ত্রণা এখনো ভুলতে পারেনি আর্জেন্টাইনরা। সেই যন্ত্রণা বুকে চেপে এবং আশঙ্কা মাথায় নিয়ে বুধবার বিশ্বকাপ বাছাইপর্বে ২৮০০ মিটার উঁচুর কিটোতে ইকুয়েডরের সামনে দাঁড়াচ্ছে ম্যারাডোনার দল। একই দিনে ঘরের মাঠ রেসিফেতে ব্রাজিলের প্রতিপক্ষ প্যারাগুয়ে। দক্ষিণ আমেরিকা অঞ্চলের দুই শীর্ষ দলের লড়াই হওয়ায় ম্যাচটার গুরুত্ব বেড়ে গেছে অনেকখানি। লা পাজে বলিভিয়ানদের হাতে নাকাল হওয়ার পর লিওনেল মেসি পর্যন্ত স্বীকার করেছিলেন তারা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে পারেননি। তবে আর্জেন্টিনার কাটা ঘায়ে নুনের ছিটে দিয়ে গত শনিবার সেই লা পাজেই বলিভিয়াকে ১-০ গোলে হারিয়েছে ভেনেজুয়েলা। তারা অবশ্য উঁচু জায়গায় তিন সপ্তাহ প্রশিক্ষণ নিয়ে নিজেদের প্রস্তুত করে নিয়েছিল দারুণভাবে। কিন্তু ম্যারাডোনা তা করেননি। ১৩ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা আর্জেন্টিনার কোচ তাই কিটো সফরের আগে ভীষণ সতর্ক, "আমাদের খুব সাবধানে থাকতে হবে এবং খেলতে হবে পাল্টা আক্রমণের ওপরে ভিত্তি করে।" তবে আর্জেন্টিনার '৮৬ বিশ্বকাপ জয়ের নায়কের জন্য দুঃসংবাদ, সাসপেনশনের জন্য অধিনায়ক হাভিয়ের মাসকেরানো এবং ইনজুুরির কারণে সার্জিও অ্যাগুয়েরোকে এই ম্যাচে পাচ্ছেন না তিনি। প্যারাগুয়ের সঙ্গে ম্যাচটা ব্রাজিলের জন্য প্রতিশোধের উপলক্ষ। কারণ বাছাইপর্বের প্রথমপর্বে প্যারাগুয়ের রাজধানী আসুনসিওন থেকে ০-২ গোলের হার নিয়ে ফিরতে হয়েছিল পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। দুদলেরই ২৪ পয়েন্ট হলেও ভালো গোলগড়ের সুবাদে শীর্ষে থাকা ব্রাজিলের জন্য বড় এক দুশ্চিন্তার কারণ ম্যাচটা হচ্ছে ঘরের মাঠে! এবারের বাছাইপর্বে প্রতিপক্ষের মাঠে সাফল্য পেলেও স্বদেশে বলিভিয়া, কলম্বিয়া আর চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। তাছাড়া বাছাইপর্বে ব্রাজিলের পক্ষে সবচেয়ে বেশি গোল করা (৭টি) লুই ফ্যাবিয়ানোও সাসপেনশনের কারণে খেলতে পারছেন না এই ম্যাচে। শনিবার উরুগুয়েকে ৪-০ গোলে হারানো ম্যাচে লালকার্ড দেখেছেন ফ্যাবিয়ানো। তার জায়গায় নিলমার বা আলেক্সান্দ্রে পাতোর খেলার জোরালো সম্ভাবনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮৪৮ঘ.