প্যারিস, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উইম্বলডন ও ইউএস ওপেনে পাঁচটি করে শিরোপা, অস্ট্রেলিয়ান ওপেনে তিনটি, ক্যারিয়ারে শিরোপা-সংখ্যা ৫৭ ---- এক কথায় চোখ-ধাঁধানো, বিস্ময়কর সাফল্য। শুধু একটাই আক্ষেপ, ফ্রেঞ্চ ওপেনের ট্রফিটা কখনো হাতে ওঠেনি। অবশেষে সেই আক্ষেপ ঘুচে গেল রজার ফেদেরারের। রোববার ফাইনালে সুইডেনের রবিন সডারলিংকে সরাসরি ৩-০ সেটে হারিয়ে তিনি ভেসে গেলেন রোলাঁ গারো জয়ের আনন্দে। পিট সামপ্রাসের রেকর্ড ১৪টি গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের কৃতিত্বেও ভাগ বসালেন ফেদেরার।
প্রথম সেট জিততে তেমন ঘাম ঝরাতে হয়নি, সহজেই জিতেছেন ৬-১ গেমে। দ্বিতীয় সেটটা অবশ্য ভালোই লড়াই করে টাইব্রেকারে নিয়ে গিয়েছিলেন সডারলিং। কিন্তু সেখানে ফেদেরার তাকে পাত্তাই দেননি। ৭-৬ (৭/১) ব্যবধানে এই সেট জিতেই শিরোপার সুবাস পেয়ে যান সর্বকালের অন্যতম টেনিস খেলোয়াড়। এবং তৃতীয় সেট ৬-৪এ জিতে নিয়ে ভেসে যান আনন্দ-বন্যায়।
গ্র্যান্ড স্লামের শিরোপা জিতে আনন্দাশ্র"তে ভেসে যাওয়া নতুন কিছু নয় ফেদেরারের জন্য। রোববার রোলাঁ গারোর লাল ক্লে-কোর্টেও চোখের জল ফেললেন। তবে সেই জলের সঙ্গে মিশে থাকলো অনেক কিছু পাওয়ার প্রাপ্তি। এই ফ্রেঞ্চ ওপেনেই গত তিন বার ফাইনালে তাকে হারিয়েছিলেন রাফায়েল নাদাল। এবার নাদালকে হারিয়ে তার পথ অনেকটাই পরিষ্কার করে দিয়েছেন সডারলিং। সেই সডারলিংই হয়ে থাকলেন ফেদেরারের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ম্যাচের প্রতিপক্ষ। ফ্রেঞ্চ ওপেন জয় তাকে পৌঁছে দিল আরেকটি অনন্য উচ্চতায়ও। তিনি এখন ইতিহাসের মাত্র ষষ্ঠ খেলোয়াড় হিসাবে সবগুলো গ্র্যান্ড স্লাম জয়ের অসামান্য কৃতিত্বেরও অধিকারী!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৩২ঘ.
bdnews24