মন্টিভিডিও/বুয়েনস এইরেস, ৭ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- উরুগুয়ে সফর অনেক দিন ধরেই ব্রাজিলের কাছে দুঃস্বপ্নের সমার্থক। সেই ১৯৭৬ সালের পর প্রতিবেশী দেশটি থেকে ব্রাজিলীয়রা কখনো জিতে আসতে পারেনি। শনিবার বিশ্বকাপ বাছাইপর্বে সেই আক্ষেপ ঘুচিয়ে মন্টিভিডিওতে উরুগুয়েকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো পেলের দেশ। তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা অবশ্য সহজে জিততে পারেনি। ঘরের মাঠ বুয়েনস এইরেসে ম্যারাডোনার দল অতিকষ্টে ১-০ গোলে জিতেছে কলম্বিয়ার সঙ্গে।
উরুগুয়ের রাজধানীতে ব্রাজিলের এগিয়ে যাওয়ার সূচনা প্রতিপক্ষ গোলরক্ষকের ভুলের মাধ্যমে। ম্যাচের শুরু থেকে স্বাগতিকদের প্রাধান্য থাকলেও ১২ মিনিটে ড্যানিয়েল অ্যালভেসের প্রায় ৪০ মিটার দূর থেকে নেয়া শট এগিয়ে দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের। শটটা বুক দিয়ে ঠেকাতে চেয়েছিলেন উরুগুয়ের গোলরক্ষক সেবাস্টিয়ান ভিয়েরা। কিন্তু বল তার সামনে ড্রপ খেয়ে চলে যায় জালে! প্রতিপক্ষের গোলমুখে সেটাই ছিল ব্রাজিলের প্রথম শট।
উরুগুয়ের সামনে অবশ্য গোলটা শোধ করার সুযোগ এসেছিল। কিন্তু সেবাস্টিয়ান এগুরেনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট এবং লুই সুয়ারেজের ফ্রিকিক ব্রাজিল গোলরক্ষক জুলিও সিজার ঠেকিয়ে দিলে হতাশায় পুড়তে হয় স্বাগতিকদের। প্রথমার্ধেই সেই হতাশা আরো বাড়িয়ে দিয়েছেন হুয়ান, হেড থেকে গোল করে ব্যবধান ২-০ করে দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতে আবার গোল। দারুণ এক পাল্টা আক্রমণ থেকে জোরালো শটে গোলটা করেছেন লুই ফ্যাবিয়ানো। কিন্তু এবারের বাছাইপর্বে নিজের সপ্তম গোলের আনন্দ তিনি বেশিক্ষণ উপভোগ করতে পারেননি। ৭০ মিনিটে ডাইভিংয়ের অপরাধে দ্বিতীয় হলুদ কার্ড দেখে দলকে দশ জনে পরিণত করার অপরাধটা তারই। তাতে অবশ্য উরুগুয়ের কোনো লাভ হয়নি। কারণ পেনাল্টি থেকে গোল করে কাকা শুধু ব্রাজিলের বড় জয়ই নিশ্চিত করেননি, ৮৬ মিনিটে রামিরেসকে মারাত্মক ফাউল করে লালকার্ড দেখে উরুগুইয়ানদের লজ্জায়ও ফেলে দিয়েছেন ম্যাক্সিমিলিয়ানো পেরেইরা।
৩৩ বছর পর উরুগুয়ের মাটিতে জয় বাছাইপর্বের শীর্ষেও অধিষ্ঠিত করেছে ব্রাজিলকে। ১৩ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ২৪ পয়েন্ট। প্যারাগুয়ের পয়েন্টও তা-ই, তবে গোলগড়ে এগিয়ে আছে ব্রাজিল।
বুয়েনস এইরেসে প্রথমার্ধে দুবার গোলের কাছাকাছি যেতে পেরেছিল কলম্বিয়া। কিন্তু দুবারই তাদের হতাশ করেছেন আর্জেন্টিনার নতুন গোলরক্ষক মারিয়ানো আন্দুজার। লিওনেস মেসিও অবশ্য স্বাগতিকদের এগিয়ে দিতে পারতেন। কিন্তু এ মৌসুমে বার্সেলোনার 'ট্রেবল' জয়ের অন্যতম নায়কের সেই প্রচেষ্টা নষ্ট করে দেন কলম্বিয়ান গোলরক্ষক।
তবে ৫৫ মিনিটে তিনি দলকে বাঁচাতে পারেননি। ডিফেন্ডার ড্যানিয়েল ডিয়াজের ভলি দূরের পোস্টে আশ্রয় নিয়ে এগিয়ে দিয়েছে আর্জেন্টাইনদের। যে গোলটা ধরে রেখে মূল্যবান তিন পয়েন্টও মুঠোবন্দী করেছে তারা। তবে সমর্থকদের মন ভরাতে পারেনি। সে যা-ই হোক, এই জয়ের জন্যই ১৩ ম্যাচ থেকে ২২ পয়েন্ট পাওয়া আর্জেন্টিনার অবস্থান চতুর্থ। তাদের চেয়ে এক পয়েন্ট বেশি নিয়ে তৃতীয় স্থানে আছে চিলি।
শনিবার লাতিন আমেরিকা অঞ্চলের অন্য দুটো ম্যাচই জন্ম দিয়েছে বিস্ময়ের। যার একটির রূপকার এই চিলি। প্যারাগুয়েকে তাদেরই রাজধানী আসুনসিওনে ২-০ গোলে হারিয়ে দিয়েছে তারা। ভেনেজুয়েলার কৃতিত্বও দুর্দান্ত। দু মাস আগে আর্জেন্টিনাকে ৬-১ গোলে বিধ্বস্ত করে আকাশে উড়ছিল বলিভিয়া। অথচ সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৬০০ মিটার উঁচুতে অবস্থিত সেই লাপাজেই বলিভিয়ানরা ০-১ গোলে হেরে গেছে ভেনেজুয়েলার কাছে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১৪ঘ.
bdnews24