প্যারিস, ৫ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফাইনালে ওঠাটা নতুন কিছু নয় তার জন্য। ফ্রেঞ্চ ওপেনের গত তিনটি আসরেও ফাইনালে উঠেছিলেন রজার ফেদেরার, উঠেছেন এবারো। পার্থক্য শুধু একটাই- রোববারের ফাইনালে প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পাচ্ছেন নতুন একজনকে। গত তিনবারের ফাইনালে যার কাছে হেরেছিলেন, সেই রাফায়েল নাদালের 'ঘাতক' সুইডেনের রবিন সডারলিংও তার স্বপ্নযাত্রা অব্যাহত রেখে উঠেছেন ফাইনালে।
শুক্রবার প্রথম সেমিফাইনালে সডারলিং ৬-৩, ৭-৫, ৫-৭, ৪-৬, ৬-৪ গেমে হারিয়েছেন চিলির ফার্নান্দো গনজালেসকে।
দ্বিতীয় সেমিফাইনালটিরও মীমাংসা হয়েছে পাঁচ সেটে। তাতে এক সময় হারের শঙ্কা জাগিয়েও শেষ পর্যন্ত ফেদেরার ৩-৬, ৭-৬ (৭/২), ২-৬, ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন আর্জেন্টিনার হুয়ান মার্টিন দেলপোর্তোকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১২৪০ ঘ.
bdnews24