বুয়েনস এইরেস/মন্টিভিডিও, ৫ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বলিভিয়া ৬ - আর্জেন্টিনা ১! দু মাস আগে ফুটবল-দুনিয়াকে হতবাক করে দেয়া সেই ম্যাচের দুঃস্মৃতি আজো বোধহয় তাড়া করে ফেরে আর্জেন্টাইনদের। সেই দুঃখজনক অভিজ্ঞতাকে সঙ্গী করে আবার বিশ্বকাপ বাছাইপর্বে মাঠে নামছে দু বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। শনিবার বাংলাদেশ সময় রাত ৩টায় বুয়েনস এইরেসে ম্যারাডোনার দলের প্রতিপক্ষ কলম্বিয়া। তার ঠিক দু ঘন্টা আগে মন্টিভিডিওতে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। ২০১০ বিশ্বকাপের টিকেট নিশ্চিত করার জন্য দুই চিরপ্রতিদ্বন্দ্বীর কাছেই দিনটা ভীষণ গুরুত্বপূর্ণ।
দায়িত্ব নেয়ার পর ম্যারাডোনার অধীনে বাছাইপর্বে আর্জেন্টিনার প্রথম ম্যাচ ছিল ভেনেজুয়েলার বিপক্ষে। গত ২৯ মার্চ রাজধানী বুয়েনস এইরেসে সেই ম্যাচে প্রতিপক্ষকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আর্জেন্টাইন ফুটবল-মহানায়কের বাছাইপর্ব-অভিষেকটা সর্বাঙ্গীন-সুন্দর করে তুলেছিলেন মেসি-অ্যাগুয়েরোরা। কিন্তু তার মাত্র চার দিন পরই আর্জেন্টাইন ফুটবলের এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম। ২ এপ্রিল বলিভিয়ার কাছে ৬ গোল খাওয়ার সেই দুঃস্মৃতি সম্ভবত কোনদিনই ভুলতে পারবে না আকাশী-সাদা জার্সির গর্বিত মালিকরা। অবশ্য সমুদ্রপৃষ্ঠ থেকে সাড়ে তিন হাজার মিটার উঁচুতে অবস্থিত লা পাজে ম্যাচটা হয়েছিল বলে সেদিন ভীষণ সমস্যা হয়েছে ম্যারাডোনা-শিষ্যদের।
সেদিনের 'দুর্ঘটনা'কে পেছনে ফেলে এখন সামনের দিকে তাকিয়ে আর্জেন্টিনা। ঐ পরাজয়ের কারণেই ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে তাদের অবস্থান চতুর্থ। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটা তাই আর্জেন্টাইনদের জন্য কঠিন এক পরীক্ষা। যে পরীক্ষায় তাদের প্রধান সেনাপতি অবশ্যই লিওনেল মেসি। এ মৌসুমে বার্সেলোনার চ্যাম্পিয়ন্স লিগ, স্প্যানিশ লিগ ও স্প্যানিশ কাপ জয়ের প্রধান রূপকার, ৩৮ গোল করা এবং অসংখ্য গোল করানো মেসির এবারের ফিফা বর্ষসেরা ফুটবলার হওয়ার সবচেয়ে জোরালো সম্ভাবনা। তবে সেটা পরের ব্যাপার। আপাতত ম্যারাডোনার প্রিয়তম শিষ্যের সবচেয়ে বড় দায়িত্ব দেশকে বিশ্বকাপে নিয়ে যাওয়া। এই মুহূর্তে মেসির যে রকম ফর্ম, তাতে করে তাকে আটকানো কলম্বিয়ান ডিফেন্ডারদের জন্য ভীষণ দুরূহ হওয়ারই কথা। তার সঙ্গে সার্জিও অ্যাগুয়েরো আর কার্লোস তেভেজকে নিয়ে গড়া আর্জেন্টিনার আক্রমণভাগ এক কথায় দুর্দান্ত।
যদিও কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার অতীত-স্মৃতি তেমন সুখকর নয়। এবারের বাছাইপর্বেই কলম্বিয়ার রাজধানী বোগোতা থেকে তারা ফিরেছিল ১-২ গোলে পরাজয়ের লজ্জা নিয়ে। ১৯৯৯এ কোপা আমেরিকায় ০-৩ গোলের হারের কথাও (যে ম্যাচে তিনটি পেনাল্টি মিস করেছিলেন মার্টিন পালেরমো!) নিশ্চয়ই ভুলে যায়নি তারা। '৯৪ বিশ্বকাপ বাছাইপর্বে বুয়েনস এইরেসেই কলম্বিয়ানদের হাতে ০-৫ গোলে বিধ্বস্ত হওয়ার কথাও বোধহয় ভোলা সম্ভব নয়। লা পাজের ঐ দুর্দশার আগে বাছাইপর্বে সেটাই যে আর্জেন্টিনার সবচেয়ে বড় ব্যবধানে পরাজয়।
চিরপ্রতিদ্বন্দ্বীদের মতো উরুগুয়ের রাজধানীতে ব্রাজিলের সামনেও কঠিন পরীক্ষা। এমনিতেই ব্রাজিল-উরুগুয়ের ম্যাচ ফুটবল-বিশ্বের অন্যতম এক আকর্ষণীয় লড়াই। তার ওপরে জয় পেলে দু দলেরই বিশ্বকাপে যাওয়ার জোরালো সম্ভাবনা থাকায় এবারের লড়াইয়ের গুরুত্ব বেড়ে গেছে আরো। একমাত্র দল হিসাবে সবগুলো বিশ্বকাপ খেলা ব্রাজিল অবশ্য প্রতিপক্ষের চেয়ে তুলনামূলকভাবে সুবিধাজনক জায়গায় দাঁড়িয়ে আছে। ২১ পয়েন্ট নিয়ে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের অবস্থান পঞ্চম। অন্যদিকে পঞ্চম স্থানে থাকা উরুগুয়ের পয়েন্ট ১৭।
ব্রাজিলিয়ানদের সামনে স্বাগতিকদের সবচেয়ে বড় অস্ত্র অবশ্যই ডিয়েগো ফোরলান। এবারের স্প্যানিশ লিগে ৩২ গোল করে সর্বোচ্চ গোলদাতাই শুধু হননি, ইউরোপের সব লিগ মিলিয়ে তার গোলও সবচেয়ে বেশি। 'লা লিগা'য় চতুর্থ হয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি খেলার সুযোগ পাওয়ার পেছনে সবচেয়ে বড় অবদানও তার। তবে ক্লাবের হয়ে নিজের অর্জনে পুরোপুরি তৃপ্ত নন ফোরলান। তৃপ্তিটা পূর্ণতা পাবে স্বদেশকে দক্ষিণ আফ্রিকায় নিয়ে যেতে পারলে। তার কথাতেও সেই আভাস স্পষ্ট, "এই মৌসুমে আমি যা করেছি সেটা দুর্দান্ত ব্যক্তিগত অর্জন। তবে খেলোয়াড় এবং উরুগুইয়ান হিসাবে বিশ্বকাপে যাওয়াই আমার স্বপ্ন।"
উরুগুইয়ানদের সেই স্বপ্নের ধারককে চ্যালেঞ্জ জানানোর জন্য ব্রাজিলের আক্রমণভাগের প্রধান স্থপতি কাকাও প্রস্তুত। রিয়াল মাদ্রিদে যাবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সেই সম্ভাবনাকে জিইয়ে রেখেই মন্টিভিডিওতে স্বাগতিকদের মুখোমুখি হওয়ার অপেক্ষায় ২০০৭এর ফিফা বর্ষসেরা ফুটবলার। যেখানে তিনি পাশে পাবেন রবিনিয়ো, লুই ফ্যাবিয়ানো আর মিলান-সতীর্থ আলেকসান্দ্রে পাতোকে।
শনিবার লাতিন আমেরিকা অঞ্চলের অন্য দুই ম্যাচে আসুনসিওনে স্বাগতিক প্যারাগুয়ে (২৪ পয়েন্ট) চিলির (২০) এবং লাপাজে বলিভিয়া (১২) মুখোমুখি হবে ভেনেজুয়েলার (১৩)। পরদিন লিমাতে পেরুর (৭) প্রতিপক্ষ ইকুয়েডর (১৪)।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২০ঘ.
bdnews24