২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুতে শুধু বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান

ক্রিকেটের আবেদন টেকেনি, ফুটবলের অধিকার রক্ষা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে কেবল বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জর্ডান ফেরত ক্রীড়া প্রতিমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:26 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রিকেটের আবেদন টেকেনি, ফুটবলের অধিকার রক্ষা হয়েছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এই স্টেডিয়ামে কেবল বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ম্যাচ হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন জর্ডান ফেরত ক্রীড়া প্রতিমন্ত্রী। ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার অবশ্য শুরু থেকে বলে আসছেন শুধু উদ্বোধনী অনুষ্ঠানের কথা। ক'দিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি বঙ্গবন্ধুতে ম্যাচ আয়োজনের আবদার করে বসলে পরিস্থিতি ঘোলাটে হয়ে উঠে। বিসিবি আনুষ্ঠানিক প্রস্তাব দেয় ক্রীড়া মন্ত্রণালয়ে। তাতে সাড়া দেননি ক্রীড়া প্রতিমন্ত্রী। জর্ডান থেকে ফিরে বুধবার তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন সরকারের সিদ্ধান্তের কথা, "প্রধানমন্ত্রী, সংসদীয় স্থায়ী কমিটি ও আমার মন্ত্রণালয়ের এক অনির্ধারিত ফোরামে মাঠ নিয়ে আলোচনা হয়েছে। তাতে সিদ্ধান্ত হয়েছে ফুটবলের স্বার্থে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুধু ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। কোনো ম্যাচ হবে না।" এটা কী প্রধানমন্ত্রীর ইচ্ছা ? "হ্যাঁ, উনি এই স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান ছাড়া আর কিছু করতে বলেননি"- প্রধানমন্ত্রীর ইচ্ছার কথাটাও পরোক্ষভাবে বলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী। মানে এটাই সরকারের চূড়ান্ত সিদ্ধান্ত বলা যেতে পারে। এই স্টেডিয়ামে ক্রিকেটের ম্যাচ আয়োজন করতে গেলে ফুটবলের ভীষণ ক্ষতি হবে বলে মনে করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। কারণ ম্যাচ হতে গেলে এখনই মাঠ ছেড়ে দিতে হবে ফুটবলকে। এতে করে ফুটবলের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে অ্যাথলেটিকসও। তাই আহাদ আলী সরকার বারবার বলছেন, "এখানে ট্র্যাক আছে, ফুটবল খেলা হয়। দেশে ফুটবল এখন অনেক জনপ্রিয়, প্রতিটি মুহূর্ত এই মাঠ ফুটবলের লাগে।" এটা বিসিবিও জানে এবং বুঝে, তারপরও মাঠ চেয়ে বসেছে। এই চাওয়ার মধ্যে অবশ্য ক্রীড়া প্রতিমন্ত্রী খারাপ কিছু দেখছেন না, "বঙ্গবন্ধুতে ম্যাচ খেলাতে চাওয়াটা বিসিবির নিজস্ব চিন্তা। তারা তাদের মতো করে চাইতে পারে। কিন্তু আমি মনে করি, মাঠ নিয়ে রাজনীতি করা ঠিক নয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২২২৬ঘ.