ঢাকা, ৩ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সের বিপক্ষে নিজেদের প্রথম আন্তর্জাতিক ম্যাচটাকে স্মরণীয় করে রাখলো নাইজেরিয়া। ব্যস্ত ইউরোপিয়ান ক্লাব ফুটবল মৌসুম শেষ হওয়ার পর প্রথম গা গরমের ম্যাচে মঙ্গলবার ফ্রান্সেরই মাঠে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়েছে 'সুপার ঈগল'রা। এদিনই দুবাইতে অনুষ্ঠিত অন্য একটি প্রীতি ম্যাচে আরেক সাবেক বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি অবশ্য বড় জয়ই পেয়েছে। স্ট্রাইকার মারিও গোমেজের চার গোলের সুবাদে সংযুক্ত আরব আমিরাততে ৭-২ গোলে হারিয়েছে তারা।
সেন্ট এটিয়েনে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচটি শুরুর আগে এয়ার ফ্রান্সের নিখোঁজ হওয়া বিমানের যাত্রীদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তবে ম্যাচশেষেও তেমনই নিস্তব্ধতা নেমে এসেছিল গ্যালারিতে। সেই নিস্তব্ধতার কারণ জোসেফ অ্যাকপালার গোল। ৩২ মিনিটে সতীর্থ স্ট্রাইকার ইকেচুকু উচের শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি শটে ম্যাচের ভাগ্য নির্ধারক গোলটি করেছেন তিনি। এর আগেই উচের আরেকটি শট একেবারে গোললাইন থেকে হেড করে ফিরিয়েছেন ফ্রান্সের ডিফেন্ডার সেবাস্টিয়ান স্কিলেসি।
দুবাইর ম্যাচে দুই অর্ধে দুটি করে গোল করেছেন গোমেজ। ৩৫, ৪৫, ৪৭ ও ৯০ মিনিটে তার চার গোলের সঙ্গে জার্মানির পক্ষে আরো দুটি গোল করেছেন হেইকো ওয়েস্টারম্যান আর পিওটর ট্রচোভস্কি, আর আমিরাতের ফারিস জুমা একটি আত্মঘাতী গোল উপহার দিয়েছেন তাদের। আমিরাতের পক্ষে জার্মানির জালে দুটি গোল করেছেন ইসমাইল সালেম ও নওয়াফ মুবারক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬১২ ঘ.
bdnews24