প্যারিস, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফ্রেঞ্চ ওপেনের ইতিহাসের অন্যতম সেরা অঘটনের জন্ম দেওয়া রবিন সডারলিং তার স্বপ্নযাত্রা অব্যাহত রেখেছেন। আগের রাউন্ডে শীর্ষ বাছাই, টানা চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে হারানোর পর মঙ্গলবার কোয়ার্টার ফাইনালে এই সুইডিশ হারিয়েছেন দশম বাছাই রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোকে। ৬-১, ৬-৩, ৬-১ গেমের অনায়াস জয় পেয়ে সবার আগে পুরুষ এককের সেমিফাইনালে উঠে গেছেন তিনি। শেষ চারে নাম লিখিয়েছেন মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই, ওয়ার্ল্ড নাম্বার ওয়ান দিনারা সাফিনাও। তবে তার রুশসতীর্থ সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারিয়া শারাপোভা হেরে গেছেন কোয়ার্টার ফাইনালেই।
রোলাঁ গারোর ফিলিপ্পে কার্টিয়ার কোর্টে সডারলিং আর সুজান লেংলেন কোর্টে দিনারা সাফিনা খেলতে নেমেছিলেন একই সঙ্গে। তাদের দুজনের জয়টাও এসেছে কাছাকাছি সময়েই, তবে তাতে একটু এগিয়ে ছিলেন সাফিনা। মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই এই রাশিয়ানের জয়টা কিন্তু অতোটা অনায়াস হয়নি। বরং প্রথম সেটে বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কার কাছে ১-৬ গেমে হেরে গিয়েছিলেন তিনি। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শেষ পর্যন্ত তিনি জিতেছেন ১-৬, ৬-৪, ৬-২ গেমে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১০০ ঘ.
bdnews24