২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদের নতুন কোচ পেল্লেগ্রিনি

ব্যর্থ কোচদের সরিয়ে দেয়া রিয়াল মাদ্রিদের জন্য নতুন কিছু নয়। সেই 'ধারাবাহিকতা' ধরে রেখে হুয়ান্দে র‌্যামোসের সঙ্গে তারা চুক্তি নবায়ন করেনি। বরং র‌্যামোসের উত্তসূরী হিসাবে নির্বাচিত করেছে ভিলারিয়ালের ম্যানুয়েল পেল্লেগ্রিনিকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 12:18 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

মাদ্রিদ, ২ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ব্যর্থ কোচদের সরিয়ে দেয়া রিয়াল মাদ্রিদের জন্য নতুন কিছু নয়। সেই 'ধারাবাহিকতা' ধরে রেখে হুয়ান্দে র‌্যামোসের সঙ্গে তারা চুক্তি নবায়ন করেনি। বরং র‌্যামোসের উত্তসূরী হিসাবে নির্বাচিত করেছে ভিলারিয়ালের ম্যানুয়েল পেল্লেগ্রিনিকে। চিলির নাগরিক পেল্লেগ্রিনির অধীনে ভিলারিয়ালের অর্জনের তালিকা বেশ ঈর্ষনীয়। ২০০৪ সালে আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেট থেকে যোগ দেয়ার পর তার কোচিংয়ে গত মৌসুমে স্প্যানিশ 'প্রিমেরা লিগা'য় রানার্সআপ হয়েছিল ভিলারিয়াল। চ্যাম্পিয়ন্স লিগেও তাদের সাফল্য বলার মতো। ২০০৬ সালে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছিল তারা। এবার অবশ্য কোয়ার্টার ফাইনালে হেরে গেছে আর্সেনালের কাছে। তবে মাঝারি মানের একটা দল নিয়েও তরুণ প্রতিভাবানদের দলে টেনে, আকর্ষণীয়, আক্রমণাত্মক ফুটবল উপহার দিয়ে বহু মানুষের প্রশংসা কুড়িয়েছেন পেল্লেগ্রিনি। এ মৌসুমে একটিও শিরোপা জিততে না পারা রিয়ালে অবশ্য কঠিন পরীক্ষার সামনেই পড়তে হবে তাকে। কারণ রিয়ালের নতুন প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজের নতুন ক্রীড়া-প্রকল্পে তাকেই মনে করা হচ্ছে মূল স্থপতি হিসাবে। তাছাড়া স্প্যানিশ 'জায়ান্ট'দের ব্যর্থ কোচদের সরিয়ে দেয়ার প্রবণতাও পেল্লেগ্রিনির জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিতে পারে। যে প্রবণতার সূচনা পেরেজের আগের আমলে, ২০০৩ সালে। মাত্র সাড়ে তিন বছর সময়ের মধ্যে রিয়ালকে দুটো চ্যাম্পিয়ন্স এবং দুটো স্প্যানিশ লিগের শিরোপা এনে দিয়েও চাকরি বাঁচাতে পারেননি সে সময়ের কোচ ভিসেন্তে দেল বস্ক। রিয়ালের তখনকার প্রেসিডেন্ট পেরেজ বরখাস্ত করেন তাকে। তারপর থেকে আট জন কোচকে বিদায় নিতে হয়েছে সান্টিয়াগো বার্নাব্যু থেকে --- কার্লোস কুইরোজ, হোসে আন্তনিও কামাচো, মারিয়ানা গার্সিয়া রেমন, ওয়ান্ডারলি লুক্সেমবার্গো, হুয়ান র‌্যামোন লোপেজ কারো, ফ্যাবিও ক্যাপেলো, বার্নড শুস্টার এবং সর্বশেষ হুয়ান্দে র‌্যামোস। দেখা যাক পেল্লেগ্রিনির ভাগ্যে কী ঘটে! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২২ঘ.