ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় পতাকা ছেঁড়ার ঘটনা উদ্দেশ্য প্রণোদিত নয় বলে তদন্তে উঠে এসেছে। বরং তদন্ত রিপোর্টে বিরূপ প্রকৃতিকে দায়ী করা হয়েছে। তাই শেখ মোহাম্মদ আসলামের পদত্যাগ পত্র গৃহীত হয়নি বাফুফের কাছে।
পাঁচদিনের তদন্ত শেষে তিন সদস্যের কমিটি সোমবার রিপোর্ট জমা দিয়েছে। কমিটির প্রধান আব্দুস সালাম মুর্শেদী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-কে জানিয়েছেন, "এটা উদ্দেশ্য প্রণোদিত কোনো ঘটনা নয়, কেবল একটা দুর্ঘটনা। ওরকম ঝড় না হলে বোর্ডটা মাটিতে লুটিয়ে পড়তো না এবং পতাকাও ছিঁড়তো না। এজন্য আসলে প্রকৃতিই দায়ী।" গত ২৫ মে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সিটিসেল জাতীয় স্কুল ফুটবলের চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাধীন বাংলা ফুটবল দলের খেলোয়াড়দের ছবি উন্মেচনের আগে জাতীয় পতাকা দিয়ে মোড়ানো ছিল। পতাকা ছিঁড়েই ছবি উন্মোচন করা হয়েছে বলে বিতর্ক উঠেছে। বাফুফের দাবি, ঝড়ের কারণে পতাকাটা ছিঁড়ে গিয়েছিল। এবং এজন্য তারা দুঃখ প্রকাশও করেছে আগে।
আরেকটি সঙ্গত প্রশ্ন উঠছে, স্কুল ফুটবলে কেন স্বাধীন বাংলা ফুটবল দলকে টেনে আনা হয়েছে। বাফুফে সহ সভাপতি সালাম মুর্শেদী বলেছেন, "স্কুল ফুটবল কমিটি আসলে বাচ্চাদের সামনে ফুটবলারদের মুক্তিযুদ্ধে অবদানের কথা তুলে ধরতে চেয়েছিল।" সেটা করতে গিয়ে এই অঘটন এবং স্কুল ফুটবল কমিটির কো-চেয়ারম্যানের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন শেখ মোহাম্মদ আসলাম। কিন্তু সোমবার বাফুফে জানিয়েছে সাবেক এই ফুটবলারের পদত্যাগ পত্র গৃহীত হয়নি এবং তাকে দায়িত্ব নিয়ে টুর্নামেন্ট শেষ করার আহ্বান জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৫০ঘ.
bdnews24