মাদ্রিদ, ১ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এবারের ফুটবল-মৌসুমের কথা বোধহয় ভুলে যেতে চাইবে রিয়াল মাদ্রিদ! চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা যেখানে 'ট্রেবল' জিতেছে সেখানে তাদের অর্জন বলতে কিছুই নেই। এমনকি মৌসুমের শেষ ম্যাচেও হার এড়াতে পারেনি রিয়াল। রোববার স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শেষ রাউন্ডে ওসাসুনার কাছে ১-২ গোলে হেরে গেছে তারা। লিগে রিয়ালের এটা টানা পঞ্চম পরাজয়।
অথচ ওসাসুনার মাঠে একাদশ মিনিটে গঞ্জালো হিগুয়েইনের গোলে এগিয়ে যাওয়া রিয়াল জয় দিয়ে মৌসুম শেষ করার স্বপ্ন দেখছিল। কিন্তু তিন মিনিট পর তাদের গোলকিপার ইকার ক্যাসিয়াসের ভুলে সমতা নিয়ে আসেন জারোস্লাভ প্লাসিল। আর ৬০ মিনিটে হুয়ানফ্রানের দুর্দান্ত ভলি এগিয়ে দেয় স্বাগতিকদের। যে অগ্রগামিতা ধরে রেখে জয়ের পাশাপাশি অবনমনের হাত থেকেও রক্ষা পেয়েছে ওসাসুনা।
তেমনি শেষ ম্যাচে জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট নিশ্চিত করেছে সেভিয়া। নুমান্সিয়াকে ২-০ গোলে হারানোয় লিগে তাদের অবস্থান তৃতীয়। যার অর্থ আগামী মৌসুমে ইউরোপের সেরা ক্লাব টুর্নামেন্টে সরাসরি খেলতে পারবে তারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫০৩ঘ.
bdnews24