ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- সরকারের 'কোটি টাকার' এক চিঠিতে উবে গেল ফুটবলের 'একশ টাকা' না পাওয়ার আক্ষেপ। এটা ভ্যাট-মুক্তির চিঠি, ফুটবলের সঙ্গে থাকা স্পন্সররা এখন আর ভ্যাটের (মূল্য সংযোজন কর) অর্থ কেটে রাখতে পারবে না। মানে স্পন্সরদের সঙ্গে যতো টাকার চুক্তি হবে তার পুরোটাই পাবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
এতদিন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন আক্ষেপ করতেন সরকার থেকে একশ টাকাও পাননি বলে। তার জবাব যে মেঘ না চাইতে জলের মতো হবে তা বিশ্বাস করতে পারেননি ফুটবল কর্তারা। তাই বাফুফে সাধারণ সম্পাদক আল-মুসাব্বির সাদী জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চিঠিটিকে দারুণ এক সুসংবাদ হিসেবেই বর্ণনা করেছেন, "এটা ফুটবলের জন্য দুর্দান্ত এক খবর। এনবিআর চিঠি দিয়ে জানিয়েছে ফুটবলে স্পন্সররা যতো টাকা দেবে তার জন্য ভ্যাট দিতে হবে না তাদের। আগে স্পন্সর প্রতিষ্ঠানগুলো ভ্যাট কেটে রেখেই বাকি অর্থ দিতো ফেডারেশনকে। এনবিআরের চিঠির কারণে এখন আমরা চুক্তির পুরো অর্থই ফুটবলের জন্য ব্যবহার করতে পারবো।"
গত ২৫ মে এনবিআর ইস্যু করেছে এই চিঠি। তাতে বলা হয়েছে, "মূল্য সংযোজন করা ১৯৯১ ধারা ১৪-এর উপধারা (২) ক্ষমতাবলে দান-অনুদান হিসেবে ফুটবলকে প্রদত্ত সমুদয় অর্থের ওপর থেকে ভ্যাট অব্যাহতি প্রদান করা হলো।" কারণ হিসেবে তারা বিবেচনা করেছে বাফুফে একটি জাতীয় এবং অলাভজনক প্রতিষ্ঠান। তারা ফুটবলের উন্নয়নের স্বার্থেই একাধিক বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেছে। তবে তারা একটি শর্ত জুড়ে দিয়েছে, তা হচ্ছে স্পন্সর প্রতিষ্ঠানের নাম, টাকার অংক এবং ব্যয়ের খাতগুলির কথা বিস্তারিত জানাতে হবে জাতীয় রাজস্ব বোর্ডকে। তাতে বাফুফের কোনো আপত্তি নেই।
বরং এই চিঠি হাতে পেয়ে ফেডারেশন সম্পাদক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের কাছে, "আমরা গত মাসে আমরা মাননীয় অর্থ মন্ত্রীর কাছে গিয়ে ভ্যাট মওকুফের প্রস্তাব দিয়েছিলাম। ফুটবলের উন্নয়নের কথা যে বিবেচনা করেছেন এজন্য তার কাছে আমরা কৃতজ্ঞ।"
গত ২০ এপ্রিল কাজী সালাউদ্দিনের নেতৃত্বে ফেডারেশনের একটি প্রতিনিধিদল অর্থ মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ভ্যাট মওকুফের পাশাপাশি ফুটবলের জন্য অর্থ সাহায্য চেয়েছিলেন। সরাসরি অর্থ সাহায্য না দিলেও সরকার পরোক্ষভাবে দিয়েছে কোটি কোটি টাকা।
যেমন এই চিঠি চলতি অর্থ বছরে বাফুফেকে পাইয়ে দিচ্ছে আরো ৯০ লাখ টাকা। বাফুফের অফিসিয়াল পার্টনার সিটিসেল মোবাইল কোম্পানি বার্ষিক ৫ কোটি টাকা থেকে ভ্যাট-বাবদ (১৫ শতাংশ) ৭৫ লাখ টাকা কেটে রেখেছিল। সেরকম নকিয়াও পুরো ১ কোটি টাকা দেয়নি, কেটে রেখেছিল ভ্যাটের ১৫ লাখ টাকা। এই চিঠির পর ওই কেটে রাখা অর্থও ফেরত পাবে ফেডারেশন। আগামী দিনগুলোতে তো আর কেটে রাখার প্রশ্নই উঠে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১০৬ ঘ
bdnews24