প্যারিস, ৩১ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অঘটনের দিন। রোববারের দিনটাকে এভাবেই মনে রাখবে ফ্রেঞ্চ ওপেন। পুরুষ এককে টানা চারবারের চ্যাম্পিয়ন রাফায়েল নাদালকে চতুর্থ রাউন্ড থেকে বিদায় করে দিয়ে এদিন টুর্নামেন্টের ইতিহাসের সবচেয়ে বড় অঘটনগুলোর একটির জন্ম দিয়েছেন সুইডেনের রবিন সডারলিং। আর তার আগেই মেয়েদের বিভাগের বর্তমান চ্যাম্পিয়ন অ্যানা ইভানোভিচও হয়েছেন অঘটনের শিকার। তাকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বেলারুশের ভিক্টোরিয়া অ্যাজারেঙ্কা।
ফ্রেঞ্চ ওপেনে টানা চারবারের চ্যাম্পিয়ন নাদাল এই টুর্নামেন্টের গত দুটি আসরে একটি সেটও হারেননি। বিয়ন বর্গের রেকর্ড ভেঙে গড়েছেন রোলাঁ গারোর লালদুর্গে টানা ম্যাচজয়ের রেকর্ড। টানা ৩২টি সেট জয়ের পর রোববার প্রথম সেটেই যখন তিনি হারলেন সডারলিংয়ের কাছে, সেটাই ছিল বিরাট খবর। দ্বিতীয় গেমে টাইব্রেকারে জিতে খানিকটা ঘুরে দাঁড়িয়েছিলেন নাদাল, কিন্তু পরের দুটি সেট জিতে নিয়ে টুর্নামেন্টের ২৩তম বাছাই, এটিপি র্যাংকিংয়ের ২৫তম স্থানে থাকা সডারলিং পেয়ে গেছেন রূপকথার মতো এক জয় ৬-২, ৬-৭ (২-৭), ৬-৪, ৭-৬ (৭-২)।
এর আগে অষ্টম বাছাই ইভানোভিচকে সরাসরি ৬-২, ৬-৩ গেমে হারিয়ে দিয়েছেন অ্যাজারেঙ্কা।
তবে মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই দিনারা সাফিনার জয়রথ এগিয়ে চলেছে অপ্রতিরোধ্য গতিতেই। রোববার চতুর্থ রাউন্ডের ম্যাচে ইরানের আরাভানে রেজাইকে ৬-১, ৬-০ গেমে উড়িয়ে দিয়ে সবার আগে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই রুশ তারকা।
কোয়ার্টার ফাইনালে উঠেছেন পুরুষ বিভাগের তৃতীয় বাছাই ব্রিটেনের অ্যান্ডি মারেও। সার্বিয়ার ম্যারিন কিলিচকে ৭-৫, ৭-৬ (৭-৪), ৬-১ গেমে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে প্রথমবারের মতো শেষ আটে উঠেছেন তিনি।
রোববার এই দুজনের সঙ্গে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছেন মেয়েদের ২০তম বাছাই ডমিনিকা চিবুলকোভা এবং পুৃরুষ বিভাগের দ্বাদশ বাছাই ফার্নান্দো গনজালেসও।
চতুর্থ রাউন্ডে চিবুলকোভা ২৯তম বাছাই অ্যাগনেস জাভেইকে সরাসরি ৬-২, ৬-৩ গেমে আর গনজালেস ৩০তম বাছাই ভিক্টর হ্যানেস্কুকে ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২২৫ ঘ.
bdnews24