লন্ডন, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অন্তবর্তীকালীন কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের দল চেলসির দায়িত্ব নিয়েছিলেন গাস হিডিঙ্ক। রাশিয়ার জাতীয় দলের এই কোচকে ব্লুজরা চাইলেও মৌসুম শেষে তিনি চলে যাবেন বলে দিয়েছেন আগেই। তবে বিদায়ের আগে তাকে দারুণ একটা উপহার দিয়েছে তার শিষ্যরা। শনিবারের ফাইনালে এভারটনকে ২-১ গোলে হারিয়ে তারা জিতে নিয়েছে এফএ কাপের শিরোপা।
ম্যাচের প্রথম মিনিটেই এফএ কাপের ফাইনালে ইতিহাসের দ্রুততম গোল করে ব্লুজদের চমকে দিয়েছিলেন এভারটনের ফরাসি স্ট্রাইকার লুইস সাহা। কিন্তু ২১ মিনিটে দিদিয়ের দ্রগবা সেই গোল শোধ করে দেওয়ার পর ৭২ মিনিটে চেলসির পক্ষে জয়সূচক গোলটি করেছেন ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২১৪ ঘ
bdnews24