মিলান, ৩০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন আগেই, এবার মাঠকে চূড়ান্তভাবেই বিদায় বলছেন লুই ফিগো। পর্তুগিজ ফুটবলের 'সোনালী প্রজন্মের নেতা' রোববার তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি খেলতে নামছেন। ইতালিয়ান সিরিআ-র শিরোপাজয়ী তার দল ইন্টার মিলান এই ম্যাচে মুখোমুখি হবে আটলান্টার।
ইন্টারের ওয়েবসাইটে শনিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিয়েছেন তিনি। "আগামীকাল, ৩১ মে হবে ফুটবল মাঠে আমার শেষ রোববার"- লিখেছেন তিনি।
এক সময়ের বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার, ফিফার বর্ষসেরা পুরস্কারজয়ী ফিগো ২০০৫ সালে রিয়াল মাদ্রিদ ছেড়ে যোগ দিয়েছিলেন ইন্টারে। সেই থেকে গত পাঁচ মৌসুমে চারটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন তিনি। এর আগে রিয়াল ও বার্সেলোনার হয়ে একাধিকবার জিতেছেন স্প্যানিশ প্রিমেরা লিগাও। শুধু আন্তর্জাতিক ফুটবলেই বড় কোনো শিরোপা জেতা হয়নি তার, যদিও ২০০৬ সালে বিদায় নেওয়ার আগে পর্তুগালের হয়ে ১২৭ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২২১৪ ঘ
bdnews24