ঢাকা, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- মুখে 'ডেড ইস্যু' বললেও মন 'ডেড' নয়। হয়তো বঙ্গবন্ধু স্টেডিয়ামের ব্যাপারে তার মন পুরোপুরি শঙ্কামুক্ত নয়। তাই ফিফা কংগ্রেসে যাওয়ার আগে বাফুফে সভাপতি সংবাদ সম্মেলন ডেকে আবার স্মরণ করিয়ে দিলেন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের কথা। প্রকারান্তরে তিনি সরকারকে জানিয়ে গেলেন আন্তর্জাতিক ফুটবলের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম প্রয়োজন। এবং ক্রিকেটের 'আবদার' রাখতে গেলে ক্ষতি হবে ফুটবলের।
শনিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে একবারের জন্যও কাজী সালাউদ্দিনকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম বিতর্কে টেনে নেওয়া যায়নি। অথচ ক'দিন আগে তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল, যখন ক্রিকেট বোর্ড এই স্টেডিয়াম চেয়ে বসে বিশ্বকাপ ক্রিকেটের ম্যাচ আয়োজনের জন্য। মিডিয়ার সামনে চুপচাপ থাকলেও এ নিয়ে বাফুফের ভেতরে নাকি বেশ প্রতিক্রিয়া হয়েছিল। এমনও শোনা গিয়েছিল, বঙ্গবন্ধুতে ফুটবলের অধিকার রক্ষা করতে না পারলে সভাপতি পদ থেকে তিনি পদত্যাগ করবেন। এসবই বিভিন্ন সূত্র থেকে শোনা খবর। কিন্তু সভাপতি কিছু শোনাচ্ছেন না। ভেতরের জ্বালা বাইরে দেখাচ্ছেন না, যেন ক্রিকেটের দাবি গায়ে মাখার মতো কিছু নয়। সংবাদ সম্মেলনেও সালাউদ্দিন একই ভঙ্গিতে বললেন, "এটা ডেড ইস্যু। ক্রিকেট বোর্ড তাদের মতো করে দাবি জানিয়েছে।" ভাবখানা হচ্ছে, কে কী বললো তা অতো পাত্তা দিয়ে লাভ নেই।
আবার পাত্তা দিচ্ছেনও, তবে লোকচক্ষুর আড়ালে। বুদ্ধি ও কূটনীতি দিয়ে। তাই অনির্ধারিত সংবাদ সম্মেলন এবং তাতে সভাপতি মনে করিয়ে দিলেন, "আমি ফিফা কংগ্রেসে গিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের দলগুলো চূড়ান্ত করবো এবং সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের ব্যাপারটি চূড়ান্ত করে আসবো।" এসব চূড়ান্ত হয়ে গেলেই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের অধিকার সুরক্ষিত থাকে, তখন সরকার চাইলেও তা আর ক্রিকেটকে দিতে পারবে না। তাই কাজী সালাউদ্দিনের ফিফা কংগ্রেসে যাওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ। শনিবার রাতে তিনি বাহামায় যাচ্ছেন বাফুফের সহ সভাপতি কাজী নাবিল আহমেদ ও সদস্য গোলাম রব্বানী হেলালকে সঙ্গে নিয়ে।
আগামী ডিসেম্বরে অনুষ্ঠেয় সাফ চ্যাম্পিয়নশিপের নির্ধারিত ভেন্যু হচ্ছে ভারত। কিন্তু এই ভেন্যুর পাশে এখন প্রশ্নবোধক চিহ্ন, কারণ ভারত সরকার পাকিস্তান দলকে ভারতে প্রবেশের অনুমতি দিচ্ছে না। তাই সবার অংশগ্রহণ নিশ্চিত করতে গ্রহণযোগ্য ভেন্যু হতে পারে বাংলাদেশ। দৌড়ে অবশ্য নেপালও আছে। শেষপর্যন্ত কারা সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক হবে তা নিশ্চিত হবে বাহামায়। বাংলাদেশ আয়োজক হলে আসছে ডিসেম্বরেই এই টুর্নামেন্ট হবে বঙ্গবন্ধুতে। ফিফা কংগ্রেসে যাওয়ার পেছনে বাফুফে সভাপতির আরেকটি উদ্দেশ্য হচ্ছে সাফের নেতৃত্ব বাংলাদেশের হাতে নেওয়া। বর্তমান নেতৃত্বের অক্ষমতার প্রসঙ্গ টেনে তিনি বলেছেন, "ঘরে বসে সাফের কার্যক্রম চালানো যাবে না। একটা দেশ পুরো সংগঠন নিয়ন্ত্রণ করবে তা হতে পারে না। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও ভুটানও চায় কমিটি এবং গঠনতন্ত্রে পরিবর্তন আসুক।" বর্তমান সভাপতি নেপালের গণেশ থাপা ও সাধারণ সম্পাদক বাংলাদেশের সিরাজুল ইসলাম বাচ্চু মিলে গত আট বছরে সাফকে একটি ব্রিফকেস সংগঠনে পরিণত করেছেন। ব্রিফকেস থেকে বের করে এই ফুটবল সংগঠনকে গতিশীল করার উদ্যোগ নিয়েছেন বাফুফে সভাপতি।
আরেকটা গুরুত্বপূর্ণ আলোচ্য হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের জন্য দল চূড়ান্ত করা। এ ব্যাপারে কাজী সালাউদ্দিন বলেছেন, "আমি চাই ভাল ক্লাব দল আনতে। ফিফা কংগ্রেসে অন্যান্য দেশের ফুটবলের প্রতিনিধিরা আসবেন, তাদের সঙ্গে আলাপ করে কয়েকটি দলের অংশগ্রহণ চূড়ান্ত করবো। এবং তারা কবে আসতে পারবে সেটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়।" বাফুফের পরিকল্পনা হচ্ছে আগামী ফুটবল মৌসুমে মানে ২০১০ সালের মে'র মধ্যে এই আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা।
ফিফা কংগ্রেসে যাওয়ার আগে বাফুফে সভাপতি দুটো আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের ফিরিস্তি দিলেন। সরকার এসব মাথায় রাখলে ক্রিকেটের বঙ্গবন্ধু স্টেডিয়ামের দাবি কোনোভাবেই টেকে না।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/১৮৫০ঘ.
bdnews24