প্যারিস, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্রথম সেটে ৬-৭ গেমে পরাজয়। পরেরটা জিতলেন ৬-২এ। কিন্তু তৃতীয় ও শেষ সেটের দশম গেমে ম্যাচ পয়েন্ট পেয়ে গিয়েছিলেন ভেনাস উইলিয়ামসের প্রতিপক্ষ। সেখান থেকেই ঘুরে দাঁড়ালেন ভেনাস, অবাছাই লুসি সাফারোভাকে হতাশ করে সেটটা ৭-৫ গেমে জিতে নিশ্চিত করলেন ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে উত্তরণ।
তৃতীয় বাছাই ও ৭টি গ্র্যান্ড স্লাম জয়ী ভেনাসের মতো বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে জয় পেয়েছেন ইয়েলেনা ইয়ানকোভিচ ও স্ভেৎলানা কুজনেৎসোভা। পঞ্চম বাছাই ইয়ানকোভিচ সরাসরি ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন ম্যাগডালেনা রাইবারিকোভাকে। সপ্তম বাছাই কুজনেৎসোভার জয়টাও সরাসরি, গালিনা ভস্কোবোয়েভার বিপক্ষে তিনি জিতেছেন ৬-০, ৬-২ গেমে। কিন্তু হেরে গেছেন মারিয়ন বার্তোলি। ত্রয়োদশ বাছাই বার্তোলিকে ৬-৩, ৭-৫ গেমে হারিয়ে অঘটনের জন্ম দিয়েছেন অবাছাই তাতিয়ানা গার্বিন।
রজার ফেদেরারও উঠে গেছেন তৃতীয় রাউন্ডে। আর্জেন্টাইন হোসে আকাসুসোর বিপক্ষে দ্বিতীয় বাছাই সুইস তারকার জয়টা ৭-৬, ৫-৭, ৭-৬, ৬-২ গেমে। এছাড়া পুরুষ বিভাগ থেকে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন পঞ্চম হুয়ান মার্টিন ডেল পোত্রো, দশম নিকোলাই ডাভিডেঙ্কো ও ষোড়শ বাছাই টমি রব্রেডো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০৩৪ঘ.
bdnews24