প্যারিস, ২৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বোন দিনারা সাফিনার সাফল্যের কারণে ইদানিং অনেক বেশি আলোচনায় তিনি। কিন্তু মারাত সাফিনের জন্য ফ্রেঞ্চ ওপেনটা হতে পারলো না সাফল্যের গল্প। বুধবার এই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন টেনিসের সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান।
ফ্রান্সের জোসেলিন ওয়ানার কাছে হারার আগে অবশ্য দারুণ লড়াই করেছেন এই রাশিয়ান। শেষ পর্যন্ত হেরেছেন ৭-৬ ৭-৬ ৪-৬ ৩-৬ ১০-৮ গেমে।
এদিন প্রত্যাশিতভাবেই জয় পেয়ে তৃতীয় রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই রাফায়েল নাদাল। ক্লে কোর্টের রাজা হিসেবে পরিচিত এই স্প্যানিয়ার্ড সাফিনের স্বদেশী তেইমুরাজ গাবাসভিলিকে ৬-১, ৬-৪, ৬-২ গেমে উড়িয়ে দিয়ে ফ্রেঞ্চ ওপেনে তার টানা একত্রিশতম জয়টি পেয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/০৮৩০ ঘ.
bdnews24