২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদাল-ফেদেরারের জয়, জিতলেন রডিকও

অ্যান্ডি রডিক আর রাফায়েল নাদালের কাছে রোলাঁ গারোর স্মৃতি ছিল একদম বিপরীত। সেই ২০০৬ সাল থেকে প্যারিসের 'লালদুর্গ' নামে খ্যাত এই ক্লে কোর্টে অনুষ্ঠিত বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে কোনো ম্যাচ হারেননি নাদাল। এই স্প্যানিয়ার্ড যখন টানা চারটি শিরোপা জিতছেন, সেই চার আসরে একটাও ম্যাচ জিততে পারেননি রডিক! কিন্তু এবার তাতে ব্যতিক্রম হলো, রোববার প্রথম রাউন্ডে জয় পেলেন তারা দুজনই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 12:41 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

প্যারিস, ২৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- অ্যান্ডি রডিক আর রাফায়েল নাদালের কাছে রোলাঁ গারোর স্মৃতি ছিল একদম বিপরীত। সেই ২০০৬ সাল থেকে প্যারিসের 'লালদুর্গ' নামে খ্যাত এই ক্লে কোর্টে অনুষ্ঠিত বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যামে কোনো ম্যাচ হারেননি নাদাল। এই স্প্যানিয়ার্ড যখন টানা চারটি শিরোপা জিতছেন, সেই চার আসরে একটাও ম্যাচ জিততে পারেননি রডিক! কিন্তু এবার তাতে ব্যতিক্রম হলো, রোববার প্রথম রাউন্ডে জয় পেলেন তারা দুজনই। এদিনের অন্যান্য ম্যাচে জিতে দ্বিতীয় রাউন্ডে তাদের সঙ্গী হয়েছেন পুরুষ বিভাগের দ্বিতীয় বাছাই রজার ফেদেরার এবং মেয়েদের বিভাগের শীর্ষ বাছাই দিনারা সাফিনা, তৃতীয় বাছাই ভেনাস উইলিয়ামস এবং অবাছাই, কিন্তু সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান মারিয়া শারাপোভারা। ব্রাজিলের মার্কোস ড্যানিয়েলের বিপক্ষে ৭-৫, ৬-৪, ৬-৩ গেমের সহজ জয় দিয়ে ফ্রেঞ্চ ওপেনে নতুন রেকর্ড গড়েছেন নাদাল। এই টুর্নামেন্টে এটি তার টানা ২৯তম জয়। ১৯৭৮ থেকে ১৯৮১ পর্যন্ত টানা ২৮টি ম্যাচজয়ী কিংবদন্তি তারকা বিয়ন বর্গকে পেছনে ফেলেছেন তিনি এই জয় দিয়ে। সহজ জয় পেয়েছেন দ্বিতীয় বাছাই ফেদেরারও। স্পেনের আলবার্তো মার্টিনকে ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন টানা তিনটি ফাইনালে নাদালের কাছে হারা এই সুইস তারকা। তবে ওয়াইল্ড কার্ড নিয়ে খেলতে নামা ফ্রান্সের রোমেইন জুয়ানকে ৬-২, ৬-৪, ৬-২ গেমে হারিয়ে পাওয়া রডিকের জয়টা তাদের দুজনের জয়কেও পেছনে ফেলেছে আলোচনায়। এদিন সাফিনা ৬-০, ৬-০ গেমে ব্রিটেনের অ্যানি কেওট্যাভংকে উড়িয়ে দিয়ে শুরু করেছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হিসেবে নিজের প্রথম গ্র্যান্ড স্ল্যামের লড়াই। সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান ভেনাসকে অবশ্য খানিকটা ঘাম ঝরাতে হয়েছে, বেথানি ম্যাটেক-স্যান্ডসের বিপক্ষে তার জয়টা এসেছে ৬-১, ৪-৬, ৬-২ গেমে। আর শারাপোভা বেলারুশের আনাস্তাসিয়া ইয়াকিমোভাকে হারিয়েছেন ৩-৬, ৬-১, ৬-২ গেমে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৮৪৭ ঘ.