ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- জুন থেকেই শুরু হচ্ছে এসএ গেমস ফুটবল ও সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি। রোববার জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কমিটির চেয়ারম্যান বাদল রায় বলেছেন, "আগামী জুন থেকে শুরু হচ্ছে এসএ গেমস ও সাফ ফুটবলের প্রস্তুতি। এবার আমরা কোচকে পর্যাপ্ত সময় দিতে চাই ভাল দল গঠনের জন্য।" সভায় কোচ এডসন সিলভা ডিডো ও ম্যানেজার ইমতিয়াজ সুলতান জনির রিপোর্ট নিয়ে আলোচনা হয়েছে। এএফসি চ্যালেঞ্জ কাপে বাংলাদেশ চূড়ান্ত পর্বে উন্নীত হলেও কোচ বিভিন্ন সমস্যার কথা বলেছেন রিপোর্টে। তিনি ফুটবলারদের ফিটনেস সমস্যার জন্য সময়ের স্বল্পতাকে দায়ী করেছেন।
এজন্য জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি এবার ১২ সপ্তাহ সময় দিতে চায় টুর্নামেন্টের প্রস্তুতির জন্য। "আমরা সাফ ফুটবল ও সাফ গেমসের জন্য দীর্ঘ মেয়াদী প্রস্তুতির পরিকল্পনা করছি। কোচ ও ট্রেনার যেরকম চাইছেন সেভাবে দলের প্রস্তুতি হবে। ১২ সপ্তাহ সময় দেবো তাদের দল তৈরির জন্য।" আগামী ডিসেম্বরে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের পর হবে সাফ গেমস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২২৫০ ঘ
bdnews24