বার্সেলোনা, ২৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বার্সেলোনা সমর্থকদের জন্য শনিবারের রাতটা ছিল উৎসবের। আগের রাউন্ডেই নিশ্চিত হয়ে গেছে স্প্যানিশ প্রিমেরা লিগার শিরোপা জয়, এদিন ট্রফিটা আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে ক্যাটালানদের হাতে। কিন্তু বার্সা সমর্থকদের এই উৎসবের রাতটা মাটি করে দিয়েছে ওসাসুনা। ওয়াল্টার প্যান্ডিয়ানির দেওয়া একমাত্র গোলে চ্যাম্পিয়নদের হারিয়ে দিয়েছে তারা।
এখানেই শেষ নয়, এই ম্যাচে লালকার্ড দেখেছেন বার্সেলোনার তরুণ খেলোয়াড় মার্ক মুনিয়েসা, আর শেষ বাঁশি বাজার ৯ মিনিট আগে তার বহিস্কারের আদেশটির প্রতিবাদ করতে গিয়ে বেঞ্চ থেকেও বহিস্কৃত হয়েছেন কোচ পেপ গার্ডিওলা।
এদিনের অন্য একটি ম্যাচে দিয়েগো পেরোত্তির দেওয়া একমাত্র গোলে দেপোর্তিভো লা করুনাকে হারিয়ে তৃতীয় স্থান পাওয়া নিশ্চিত করেছে সেভিয়া। এক ম্যাচ বাকি থাকতে তারা এখন অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তিন পয়েন্ট এগিয়ে, দুদলের মুখোমুখি লড়াইয়ের ফলও তাদেরই অনুকুলে। অর্থাৎ, বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সঙ্গে আগামী মৌসুমের ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগে স্পেন থেকে তারাই সরাসরি প্রতিন্দ্বন্দ্বিতা করবে, এটা এখন নিশ্চিত।
শনিবার অবশ্য জয় পেয়েছে অ্যাটলেটিকোও, অ্যাটলেটিক বিলবাওকে ৪-১ গোলে হারিয়েছে তারা। এই ম্যাচের শেষ ১৭ মিনিটে তিন গোল করে হ্যাটট্রিক করেছেন তাদের উরুগুইয়ান স্ট্রাইকার দিয়েগো ফোরল্যান, সেই সঙ্গে ৩১ গোল নিয়ে উঠে গেছেন লা লিগার গোলদাতাদের তালিকারও শীর্ষে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৪৩৭ ঘ.
bdnews24