প্যারিস, ২৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- প্যারিসে শেষবার যখন খেলতে গিয়েছিলেন, ফিরতে হয়েছিল দর্শকদের দুয়ো শুনে। কিন্তু রাফায়েল নাদাল আশা করছেন, এবার রোলাঁ গারোতে অন্য রকম সংবর্ধনাই পাবেন তিনি।
বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম ফ্রেঞ্চ ওপেনের শিরোপা ধরে রাখার মিশন এ সপ্তাহ থেকেই শুরু করছেন বিশ্ব র্যাংকিংয়ের এক নম্বরে থাকা এই স্প্যানিয়ার্ড। সোমবার থেকে শুরু হচ্ছে এই টুর্নামেন্ট।
'ক্লে কোর্টের রাজা' হিসেবে পরিচিত নাদালের হওয়া উচিত ছিল প্যারিসের দর্শকদের পছন্দের তারকা। হাজার হোক, রোলাঁ গারোর লালদুর্গে গত চার বছর কেউ তাকে হারাতে পারেনি। কিন্তু ঘটনাচক্রে প্যারিসের দর্শকদের সঙ্গে তার সম্পর্কটা অন্য রকম। যে কারণেই হোক, ফরাসিরা সব সময়ই তার প্রতিদ্বন্দ্বী রজার ফেদেরারকে বেশি পছন্দ করে এসেছে। ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হিসেবে খেলতে নেমে অবশ্য গত তিনটি ফ্রেঞ্চ ওপেনেরই ফাইনালে নাদালের কাছে হেরেছেন এই সুইস তারকা।
তবে নাদালের দুয়ো শোনার ঘটনাটির সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, গত বছর প্যারিস মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালের ঘটনা সেটি। ওই ম্যাচে ইনজুরি নিয়ে খেলতে নেমে রাশিয়ার নিকোলাই ডেভিডেঙ্কোর কাছে প্রথম সেটে হেরে যাওয়ার পর সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন নাদাল। তখনই দর্শকদের বিরূপ অভ্যর্থনার মুখোমুখি হতে হয়েছিল তাকে।
দর্শকদের এই প্রতিক্রিয়া নিয়ে নাদালের অবশ্য কোনো খেদ নেই, "যার যা ইচ্ছে করতেই পারে। আমার মনে হয়, ফরাসি দর্শকদের প্রতি আমি সব সময়ই ভালো আচরণ করেছি, আর ওরাও খুব একটা খারাপ আচরণ করেনি কখনো।"
আর এবার আরেকটু ভালো কিছুর আশা করতেই পারেন তিনি। কারণ, ফ্রেঞ্চ ওপেন জয়টা নতুন কিছু না হলেও এবারই প্রথম এই টুর্নামেন্টে নাদাল খেলতে নামছেন ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হিসেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৪৫ ঘ.
bdnews24