২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার ব্রাজিল দলে উপেক্ষিত রোনালদিনিয়ো-রোনালদো

আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে আর প্যারাগুয়ের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। এরপরই কনফেডারেশন্স কাপের লড়াই। কিন্তু কোনো ম্যাচেই খেলতে পারছেন না রোনালদিনিয়ো। কারণ দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে রাখেননি ব্রাজিল কোচ ডুঙ্গা। সুযোগ পাননি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ভালো পারফর্ম করা রোনালদোও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2009, 02:21 PM

Updated : 26 Aug 2022, 11:30 AM

রিও ডি জেনিরো, ২২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আগামী মাসে বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে আর প্যারাগুয়ের সঙ্গে দুটো গুরুত্বপূর্ণ ম্যাচ। এরপরই কনফেডারেশন্স কাপের লড়াই। কিন্তু কোনো ম্যাচেই খেলতে পারছেন না রোনালদিনিয়ো। কারণ দুবারের ফিফা বর্ষসেরা ফুটবলারকে দলে রাখেননি ব্রাজিল কোচ ডুঙ্গা। সুযোগ পাননি ব্রাজিলের ঘরোয়া ফুটবলে ভালো পারফর্ম করা রোনালদোও। গত বছর বার্সেলোনা থেকে এসি মিলানে যোগ দিলেও এ মৌসুমে একদমই জ্বলে উঠতে পারেননি রোনালদিনিয়ো। ইতালিয়ান ক্লাবটির বেশির ভাগ ম্যাচেই তাকে বসে থাকতে হয়েছে সাইডবেঞ্চে। অবশ্য গত মার্চে বিশ্বকাপ বাছাইপর্বে ইকুয়েডরের বিপক্ষে এই প্লেমেকারকে প্রথম একাদশে রেখেছিলেন ডুঙ্গা। কিন্তু ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে অনুজ্জ্বল পারফরম্যান্সের কারণে তাকে উঠিয়ে নিয়েছিলেন ব্রাজিল কোচ। পেরুর বিপক্ষে পরের ম্যাচে শেষের দিকে বদলি হিসাবে নামলেও তেমন সুবিধা করে উঠতে পারেননি রোনালদিনিয়ো। ব্রাজিল অবশ্য তখনই ৩-০ গোলে এগিয়ে ছিল সেই ম্যাচে। তাই আবরো উপেক্ষার যন্ত্রণা সইতে হলো রোনালদিনিয়োকে। তবে ডুঙ্গা ভবিষ্যতে তার দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেননি, "তার (রোনালদিনিয়োর) প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সে এক জন বিশেষ খেলোয়াড়। সে দুঃসময়ের ভেতর দিয়ে যাচ্ছে। আশা করি সে এখান থেকে বেরিয়ে আসতে পারবে। তার ফিরে আসার জন্য যথাসম্ভব সব কিছুই করবো আমি।" অন্যদিকে গত বছর এসি মিলান থেকে ব্রাজিলের করিন্থিয়ান্সে যোগ দেয়া রোনালদো আঞ্চলিক পলিস্তা চ্যাম্পিয়নশিপে ৮ গোল করলেও তা ডুঙ্গার মন গলাতে পারেনি। বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ৬ জুন উরুগুয়ের রাজধানী মন্টিভিডিওতে স্বাগতিকদের মুখোমুখি হবে ব্রাজিল। তার ঠিক চার দিন পর ঘরের মাঠে তারা খেলবে লাতিন আমেরিকা অঞ্চলের শীর্ষে থাকা প্যারাগুয়ের বিপক্ষে। ১২ ম্যাচ থেকে প্যারাগুয়ের সংগ্রহ ২৪ পয়েন্ট। ২১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২০২৮ঘ.