ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হঠাৎ করে বিওএ-ফুটবলের দারুণ সখ্য হয়ে গেল। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের কাছে ৫০ লাখ টাকা চেয়ে ইতিমধ্যে ২৫ লাখ টাকা পেয়ে গেছে বাফুফে! বাকি অর্থও কিছুদিনের মধ্যে দেওয়া হবে বলে জানিয়েছেন বিওএ'র প্রধান নির্বাহী।
এর আগে কখনো বিওএ থেকে বাফুফের এত বড় অনুদান পাওয়ার নজির নেই। এবার নীরবে সেই রেকর্ড গড়েছে বিওএ! অলিম্পিকের প্রধান নির্বাহী কর্ণেল ওয়ালী উল্লাহ (অব.) জানিয়েছেন, "ইতিমধ্যে আমরা ২৫ লাখ টাকা পাঠিয়ে দিয়েছি, বাকি টাকা শীঘ্রই দেওয়া হবে।"
ওয়ালী জানিয়েছেন, নির্দিষ্ট কোনো খাতে এই অর্থ বরাদ্দ নয়, "সালাউদ্দিন সাহেব অনেক আগেই আমাদের কাছে চেয়েছিলেন, কোচের বেতন-ভাতা বাবদ। এত টাকা তার জোগাড় করতে কষ্ট হবে বলেছিলেন। সঙ্গে স্কুল ফুটবলও একটা বিষয় ছিল। এখন অবশ্য তাদের স্পন্সর হয়ে গেছে। এটাকে উন্মুক্ত অর্থ বলা যেতে পারে, ফুটবল উন্নয়নে যেখানে প্রয়োজন সেখানেই তারা খরচ করবে।" তবে এই অর্থ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি থেকে সলিডিরাটি খাতে প্রাপ্ত কিনা তা স্পষ্ট করে কিছু বলেননি বিওএ নির্বাহী।
তবে এই অর্থ ফুটবল ফেডারেশন হাতে পেয়েছে কিনা তা নিশ্চিত করে জানেন না আনোয়ারুল হক হেলাল। বাফুফের ফিন্যান্স কমিটির চেয়ারম্যান কিছুদিন আগে চিঠি পাঠিয়ে ৫০ লাখ টাকা চেয়েছিলেন। তিনি বলেছেন, "টাকা এসেছে কিনা আমি জানি না। তবে এস এ গেমসের প্রশিক্ষণ ও ফুটবল ডেভেলপমেন্ট খাতে বিওএ'র কাছে কিছু অর্থ চেয়েছিলাম আমরা।"
চাওয়ামাত্রই বিওএ ইতিবাচক হয়েছে এবং নীরবে অর্থ পাঠিয়ে দিয়েছে, এ বড় বিরল ঘটনা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২১২৫ ঘ.
bdnews24