ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের পাশাপাশি ফুটবলের জন্য নতুন একটি স্টেডিয়াম বানানোর সুপারিশ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। তবে ধোয়াশাঁ রেখে দিয়েছে বঙ্গবন্ধুতে বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের ব্যাপারে।
বুধবার বিকেলে সংসদ ভবনে অনুষ্ঠিত হয় সংসদীয় স্থায়ী কমিটির এই সভা। তাতে ফুটবলের জন্য বড় এক সুখবর আছে। কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল জানিয়েছেন, "ঢাকার অদূরে ফুটবলের জন্য আরেকটি নতুন স্টেডিয়াম তৈরির জন্য আমরা সুপারিশ করবো। কমলাপুর স্টেডিয়ামকে সংস্কার করে ফুটবলের জন্য উপযোগী করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া একটা ক্রীড়া কমপ্লেক্স বানানোর ব্যাপারেও আলোচনা হয়েছে।" এ সভার মূল আলোচ্য ফুটবল ও ক্রিকেট বলে তাতে ডাকা হয়েছিল তাদের লোকজনকেও। ফুটবল ফেডারেশনের পক্ষে সভায় অংশ নিয়েছেন সভাপতি কাজী সালাউদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা। সভাপতি লে. জেনারেল সিনা ইবনে জামালীর নেতৃত্বে একদল গেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে।
ফুটবল ও ক্রিকেটের লোকজনকে একই টেবিলে বসানোর বড় কারণ ছিল বঙ্গবন্ধুতে বিশ্বকাপ ক্রিকেট। এ ব্যাপারে সংসদীয় কমিটির সভাপতি বলেছেন, "বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে। ম্যাচ হওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি। কয়েকদিনের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারবো।" মানে আশংকা নিয়েই সভা শেষ করেছেন ফুটবল-কর্তারা। অথচ এই স্টেডিয়াম পাকাপাকিভাবে এখন ফুটবলের। তাতে ২০১১ সালে বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান হবে এটা মোটামুটি জানা। কিন্তু এই সভার শুরু থেকে আলোচ্য বিষয় হয়ে যায় তাতে ম্যাচ হতে পারবে না কেন। ফুটবল তার যুক্তি তুলে ধরে। বঙ্গবন্ধুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজন করলে ফুটবল ও অ্যাথলেটিকসের ব্যাপক ক্ষতির আশংকা প্রকাশ করে তারা। এতে প্রায় দু'বছর ফুটবল বন্ধ রাখতে হবে বলে মনে করেন বাফুফে কর্তারা। এবং শেষে বাফুফে সভাপতি ৪০ দিনের জন্য বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ছাড়ার পক্ষে মত দেন। এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকারসহ কমিটির অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্বকাপ ক্রিকেট আয়োজনের কর্মকান্ড সংসদীয় কমিটিকে জানানোর তাগিদ দেওয়া হয়েছে। আর বিসিবি ও বাফুফের সব চুক্তি কমিটিকে অবহিত করতে বলা হয়েছে। বিসিবির কাছে কমিটির সবচেয়ে বড় দাবি, স্থায়ী কমিটির ৭ সদস্যকে টোয়েন্টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়ে যেতে হবে ইংল্যান্ডে! তাদের অভিজ্ঞতার জন্য নাকি এই সফর ভীষণ কাজ দেবে!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি
bdnews24