২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবার জুভেন্টাসে ক্যানাভারো

কোচ ক্লদিও রেনিয়েরিকে বরখাস্ত করার ২৪ ঘন্টা যেতে না যেতেই জুভেন্টাসের আরেকটি চমক। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে কিছু সমর্থকের অসন্তোষ সত্ত্বেও আগামী ১ জুলাই রিয়াল মাদ্রিদ থেকে ফ্যাবিও ক্যানাভারোকে ফিরিয়ে আনছে তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2009, 04:45 PM

Updated : 26 Aug 2022, 11:29 AM

মিলান, ১৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কোচ ক্লদিও রেনিয়েরিকে বরখাস্ত করার ২৪ ঘন্টা যেতে না যেতেই জুভেন্টাসের আরেকটি চমক। ইতালিয়ান ক্লাবটি জানিয়েছে কিছু সমর্থকের অসন্তোষ সত্ত্বেও আগামী ১ জুলাই রিয়াল মাদ্রিদ থেকে ফ্যাবিও ক্যানাভারোকে ফিরিয়ে আনছে তারা। ক্যানাভারোর প্রতি 'জুভ' সমর্থকদের উষ্মার কারণ তিন বছর আগে দলের প্রতি তার 'বিশ্বাসঘাতকতা'! ইতালির ২০০৬ বিশ্বকাপ জয়ের আনন্দ ম্লান করে দিয়ে সে সময় ম্যাচ পাতানোর দায়ে ইতালিয়ান সিরি 'আ' থেকে অবনমিত হয়েছিল জুভেন্টাস। ইতালিয়ান লিগে তাদের টানা দুবারের শিরোপাও কেড়ে নেয়া হয়েছিল। আর ঠিক তখনই জুভেন্টাস থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেন ক্যানাভারো। যদিও 'জুভ'দের অন্য দুই পুরনো সৈনিক আলেসান্দ্রো দেল পিয়েরো এবং জিয়ানলুইজি বুফন দ্বিতীয় বিভাগে খেলতে কোনো আপত্তি না জানিয়েই থেকে যান দলের সঙ্গে। তখন থেকেই জুভেন্টাসের অনেক সমর্থকের চোখে ক্যানাভারো এক জন 'বিশ্বাসঘাতক'। তবে তারপরও ২০০৬ সালের ফিফা ও ইউরোপীয় বর্ষসেরা ফুটবলার এবং বিশ্বকাপজয়ী ইতালি দলের অধিনায়ক ক্যানাভারোকে আবার দলে নিয়ে আসতে কোনো দ্বিধা করছে না 'তুরিনের ওল্ড লেডি' নামে পরিচিত জুভেন্টাস। ৩৫ বছর বয়সী এই ডিফেন্ডারের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ খুব শিগগিরি শেষ হয়ে যাচ্ছে বলে এ ব্যাপারে বেশ সুবিধাই হয়েছে তাদের। ইতালির অধিনায়ক ছাড়াও জার্মান ক্লাব ওয়ার্ডার ব্রেমেন থেকে ব্রাজিলিয়ান প্লেমেকার ডিয়েগোকেও নিয়ে আসতে চাইছে জুভেন্টাস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/২১৫০ঘ.