ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- এশিয়া কাপ হকির চার ম্যাচে ৩২ গোল খাওয়ার দায় কেউ নিলেন না। না কোচ, না খেলোয়াড়, না হকি ফেডারেশন। বরং টেকনিক্যাল ডিরেক্টর জেরার্ড পিটারের চোখে এটাই নিয়তি, 'দৈত্যদের' বিপক্ষে খেললে এরকম ফল মেনে নিতে হবে বাংলাদেশ হকি দলকে !
সোমবার সংবাদ সম্মেলনটা ছিল এশিয়া কাপ-ফেরত বাংলাদেশ হকি দলের জবাবদিহিমূলক। ন্যাক্কারজনক পারফরম্যান্সের বিপরীতে দলের জার্মান টেকনিক্যাল ডিরেক্টর জেরার্ড পিটারের জবাব, "যাদের সঙ্গে আমরা খেলেছি তারা সবাই হকি অঙ্গনে দৈত্য (বিশাল শক্তি)। নিজেদের উন্নতি করতে না পারলে বাংলাদেশের ফল এরকমই হবে।" প্রথম ম্যাচে জাপানের কাছে ৫-০ গোলে হার দিয়ে বাংলাদেশের শুরু, তারপর লজ্জা এবং গোলের ব্যবধান কেবল বেড়েই গেছে। যার শেষ হয়েছে ভারতের কাছে ১১-১ গোলে পরাজয় দিয়ে।
পিটারের চোখে এটাই নিয়তি। এক সময় ভারতীয় দলের সঙ্গে কাজ করা এই জার্মান কোচের পর্যবেক্ষন হচ্ছে, "বাংলাদেশের আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা ও দক্ষতায় ঘাটতি আছে। ওসব (যাদের সঙ্গে খেলেছে) দলগুলোর সঙ্গে তুলনা করলে আমরা সব জায়গাতে পিছিয়ে। টেকনিক, পাওয়ার এবং মানসিকতায়ও আমাদের অনেক ঘটতি। জাপান, মালয়েশিয়ার কাছাকাছি যেতে হলেও আমাদের অনেক উন্নতি করতে হবে। সবচেয়ে বড় কথা গভীর ঘুম থেকে জেগে উঠতে হবে হকি ফেডারেশনকে।" এই বিদেশীও বুঝে গেছেন, ফেডারেশন ঘুমিয়ে ঘুমিয়ে হকির উন্নতির চিন্তা করছে। এবং নিজেদের কীর্তির কথা বলতে গিয়ে তারা শুধুই হকি দলকে বিদেশগামী করতে কীভাবে অর্থ সংগ্রহ করেন তার ফিরিস্তি দিতে থাকেন সবিস্তারে। যুগ্ম সম্পাদক আব্দুর রশীদ সংবাদ সম্মেলনেও তাই করে গেলেন।
আর ফেডারেশন সম্পাদক খন্দকার জামিল এসেছেন সম্মেলন শেষ হওয়ার মিনিট দশেক আগে। তারপর সামান্য বক্তব্যের কথা বলে মাইক্রোফোনটা নিয়ে তিনি বাজখাই গলায় ময়দানী ভাষন দিলেন, "আমি হকির তেমন কিছু বুঝি না তবে চোখে দেখলে তো অন্ততঃ বোঝা যায়। মালয়েশিয়ায় এই দলের খেলা দেখে আমি বুঝেছি এদের দিয়ে হবে। এই কোচিং স্টাফের অধীনে রাখতে পারলে দলের চেহারা পরিবর্তন হয়ে যাবে।" টেকনিক্যাল ডিরেক্টর জেরার্ড পিটার, কোচ অলিভার মাইকেল এবং একজন ভিডিও অ্যানালিস্টকে ডিসেম্বর পর্যন্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। এজন্য খরচ হবে ১০ হাজার ডলার করে। তারা দলকে জার্মানিতে নিয়ে গিয়ে প্র্যাকটিস করানোর প্রস্তাব দিয়েছেন। আর তাতেই স্বপ্নে বিভোর জামিল।
এশিয়া কাপে যাওয়ার সময় তিনি জাপানকে হারানোর স্বপ্ন দেখেছিলেন, প্রকাশ্যে বলেছিলেনও। ফিরে এসে তা বেমালুম চেপে গেলেন। কী-বা বলবেন ? হকি জ্ঞানশূন্য হকির সাধারণ সম্পাদকই কেবল এরকম অযৌক্তিক স্বপ্ন দেখতে পারেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/ ২২১৩ঘ.
bdnews24