২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী মৌসুমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল

এবার বঙ্গবন্ধু কাপ জাগিয়ে তোলার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। তবে নামে পরিবর্তন আসছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট নামে ক্লাব ফুটবলের একটি আসর বসবে আগামী ফুটবল মৌসুমে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 08:17 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) ----- এবার বঙ্গবন্ধু কাপ জাগিয়ে তোলার ঘোষণা দিলেন কাজী সালাউদ্দিন। তবে নামে পরিবর্তন আসছে, বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্ট নামে ক্লাব ফুটবলের একটি আসর বসবে আগামী ফুটবল মৌসুমে। সোমবার বাফুফে ভবনে বসে এই আন্তর্জাতিক টুর্নামেন্টের ঘোষণা দিয়েছেন বাফুফে সভাপতি। দেশে এবং আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার পর তিনি এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছেন, "আগামী ফুটবল মৌসুমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট হবে ঢাকায়। এ ব্যাপারে বিভিন্ন দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধানের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা হয়েছে।" এর আগে বাংলাদেশে ফুটবল মৌসুম বলে সেরকম কিছু ছিল না। বতর্মান বাফুফে ফুটবল মৌসুমটাকে প্রতিষ্ঠিত করতে চাইছে, আগস্ট থেকে পরের বছরের মে মাস চলবে মৌসুম। মানে ২০১০ সালের মে মাসের মধ্যে হবে এই আন্তর্জাতিক টুর্নামেন্ট। সময়টাকে আর নির্দিষ্ট করতে পারেননি কাজী সালাউদ্দিন। কারণ দলগুলো কবে আসতে পারবে তার ওপর অনেক কিছু নির্ভর করছে। আগামী ২ জুন বাহামাসে ফিফা কংগ্রেসে গিয়ে বিভিন্ন দেশের ফুটবল প্রতিনিধিদের সঙ্গে কথা বলার পর বাফুফে সভাপতি নির্দিষ্ট করে কিছু বলতে পারবেন। এর আগে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কাপের সর্বশেষ আসর বসেছিল ঢাকায়। এরপর গত ১০ বছরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এদেশে আর কোনো আন্তর্জাতিক ফুটবল আয়োজন করতে পারেনি। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ও এএফসির টুর্নামেন্ট হলেও তা বাফুফের আয়োজন বলা যাবে না। ফুটবলের দিন বদলের নায়ক সালাউদ্দিনের হাত ধরে আবার আন্তর্জাতিক ফুটবল ফিরছে ঢাকায়। তার চোখ এশিয়ার ভাল ক্লাব দলগুলোর দিকে, "ভাল দল আসবে, এটার নিশ্চয়তা দিতে পারি আমি। আগের অবস্থা নেই, বাফুফে এখন নিজেদের পছন্দমতো দল আনার ক্ষমতা রাখে। আমরা যেরকম চাইবে সেরকমই হবে।" মধ্যপ্রাচ্য ও আসিয়ান অঞ্চলের ক্লাব দলের প্রতি তার আগ্রহ। আর দক্ষিণ এশিয়া অঞ্চলের মধ্যে শুধু ভারতের মোহনবাগান ও ইস্টবেঙ্গলের দিকে চোখ। এ ব্যাপারে বাফুফে সভাপতির ব্যাখ্যা "এই দুটো দলের সঙ্গে আমাদের লোকজনও বেশ পরিচিত, তারা অন্যরকম প্রতিদ্বন্ধিতাও উপভোগ করবে।" আটটি ক্লাব দলকে নিয়ে হবে এই টুর্নামেন্ট। তাতে বিদেশী দলের সংখ্যা ৬টি এবং বাকি দুটি দল দেশের। দেশের কোনো দুটি দল খেলবে, তা চূড়ান্ত না হলেও ঢাকা আবাহনী-মোহামেডানের সম্ভাবনাই বেশি। এ টুর্নামেন্ট আয়োজনের জন্য প্রায় ১০ কোটি টাকার মতো লাগবে বলে মনে করেন সভাপতি। কারণ টাকা ছাড়া কোনো ভাল দলকে আনা যাবে না। তারপর দলগুলোর বিমান-ভাড়া এবং ফাইভ স্টার হোটেলে থাকা-খাওয়ার ব্যাপারও আছে। এসব যোগ করে আন্তর্জাতিক টুর্নামেন্টের কথা বললে হয়তো গৌরীসেনও পালাবে ! কিন্তু কাজী সালাউদ্দিন দৌড়ে গিয়ে এই চ্যালেঞ্জ নিলেন ! বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/২০৫০ ঘ.