২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে নাদালকে হারালেন ফেদেরার

রজার ফেদেরারের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখের নাম ফ্রেঞ্চ ওপেন। এই একটাই গ্র্যান্ড স্ল্যাম তিনি জিততে পারেননি কখনো। তবে এবারের ফ্রেঞ্চ ওপেনে অন্য রকম কিছু একটা করতে পারার স্বপ্ন এখন দেখতেই পারেন এই সুইস তারকা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরুর মাত্র এক সপ্তাহ আগে মাদ্রিদ ওপেনের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদালকে!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 01:11 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মাদ্রিদ, ১৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রজার ফেদেরারের ক্যারিয়ারের সবচেয়ে বড় দুঃখের নাম ফ্রেঞ্চ ওপেন। এই একটাই গ্র্যান্ড স্ল্যাম তিনি জিততে পারেননি কখনো। তবে এবারের ফ্রেঞ্চ ওপেনে অন্য রকম কিছু একটা করতে পারার স্বপ্ন এখন দেখতেই পারেন এই সুইস তারকা। বছরের তৃতীয় গ্র্যান্ড স্ল্যাম শুরুর মাত্র এক সপ্তাহ আগে মাদ্রিদ ওপেনের ফাইনালে তিনি হারিয়ে দিয়েছেন 'ক্লে কোর্টের রাজা' রাফায়েল নাদালকে! রোববারের এই ম্যাচে বিশ্ব র‌্যাংকিংয়ে এই মুহূর্তে দুই নম্বরে থাকা ফেদেরার তার কাছ থেকে শীর্ষস্থান দখল করে নেওয়া নাদালকে হারিয়েছেন সরাসরি ৬-৪, ৬-৪ গেমে। অনেক দিক থেকেই এই জয় মনে রাখার মতো। দারুণ ফর্মে থাকা নাদালকে তার নিজের দেশ স্পেনের মাটিতে, তার প্রিয় সারফেস ক্লে কোর্টে হারানো, স্মৃতির মণিকোঠায় এই জয়কে স্থান দেওয়ার জন্য এটুকুই তো যথেষ্ট। ক্যারিয়ারের শুরু থেকেই ক্লে কোর্টে প্রায় অজেয় নাদাল সেই ২০০৫ সালের পর থেকে এই ম্যাচের আগে 'লাল দুর্গে' মাত্র চারটি ম্যাচ হেরেছেন। তার চেয়েও বড় কথা, গত চারটি ফ্রেঞ্চ ওপেনেই ফেদেরারের স্বপ্নভঙ্গ হয়েছিল নাদালের কাছে হেরে। এর মধ্যে টানা তিনবার ফাইনালে দেখা হয়েছিল তাদের, আর ২০০৫ সালে সেমিফাইনালে ফেদেরারকে হারিয়েছিলেন নাদাল। এই জয় তাই স্বপ্ন দেখাতেই পারে ফেদেরারকে। তবে তিনি নিজে বলছেন, এই একটা হার নাদালের পারফরম্যান্সে তেমন কোনো প্রভাব ফেলবে না, "এই মৌসুমেও দারুণ ফর্মে আছে ও, আর আমি নিশ্চিত ফ্রেঞ্চ ওপেনে আরো বেশি জিগীষা নিয়ে ঝাঁপিয়ে পড়বে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১৭ ঘ.