২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উদ্ভট কারণে নুরুল আলমের পদত্যাগ

জাতীয় ফুটবল দলে কোচের অতিরিক্ত ক্ষমতায়নের প্রতিবাদে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগ করেছেন কো-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী। তিনি জাতীয় দলের কোচ নিয়োগ এবং খেলোয়াড় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 03:23 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- জাতীয় ফুটবল দলে কোচের অতিরিক্ত ক্ষমতায়নের প্রতিবাদে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি থেকে পদত্যাগ করেছেন কো-চেয়ারম্যান নুরুল আলম চৌধুরী। তিনি জাতীয় দলের কোচ নিয়োগ এবং খেলোয়াড় নির্বাচন নিয়েও প্রশ্ন তুলেছেন। রোববার বাফুফে সভাপতির বরাবরে পদত্যাগ পত্র পাঠিয়ে দিয়েছেন নুরুল আলম চৌধুরী। সেটা কাজী সালাউদ্দিনের হাতে না পৌঁছালেও কো-চেয়ারম্যান তার অনুলিপি পাঠিয়ে দিয়েছেন মিডিয়াতেও, যেখানে তিনি জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়কে দুষেছেন এভাবে, "চেয়ারম্যান কমিটির কার্যক্রমের পরিধিকে ছোট করে নিয়ে এসে একে প্রশিক্ষক নির্ভর করে ফেলায় নয় সদস্যের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির প্রয়োজন ফুরিয়ে গেছে।" এরপর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে টেলিফোনে নুরুল আলম আরো পরিষ্কার করেছেন বিষয়টাকে, "আমার মত হচ্ছে জাতীয় দল নির্বাচন করবে ব্যবস্থাপনা কমিটি আর কোচ ট্রেনিং এবং গেমপ্ল্যান নিয়ে কাজ করবেন। কিন্তু কমিটির চেয়ারম্যান নিজের মতো করে সিদ্ধান্ত নিয়ে সব দায়িত্ব তুলে দিয়েছেন কোচের হাতে।" মানে ব্রাজিলিয়ান কোচ এডসন সিলভা ডিডোর হাতে জাতীয় দল নির্বাচনের দায়িত্ব ছেড়ে দেওয়া তার পছন্দ হচ্ছে না। যেটা তার অপছন্দ সেটাই নিয়ম বলে মানছেন বাদল রায়। জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দাবি, "এখনকার বাফুফে আগের মতো নয়। দল নির্বাচন থেকে শুরু করে সব টেকনিক্যাল ব্যাপার থাকবে কোচের দায়িত্বে।" এরপর তিনি পাল্টা একহাত নিয়েছেন, "উনি (নুরুল আলম) শেখ রাসেলের মতো করে জাতীয় দল চালাতে চাইলে হবে না। মাঠের বাইরে থেকে টেলিফোনে দল নিয়ন্ত্রন করা এখানে চলবে না।" নুরুল আলম চৌধুরীর পরিচয় শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি। সুবাদে তিনি ফুটবলটা ভাল বোঝেন বলে দাবি করেন এবং অনেক ক্ষেত্রে কোচের চেয়েও বেশি। তাই কোচ ঠুঁটো জগন্নাথ, মোবাইলে চৌধুরী সাহেবের কথা শিরোধার্য করা ছাড়া তেমন কোনো কাজ থাকে না তার। এই করে শেখ রাসেল ক্রীড়াচক্রের মতো দলটির অধঃপতন হয়েছে বলে অনেকের ধারণা। নিজের ক্লাবদল বলে এই স্বেচ্ছারিতা তিনি করতেই পারেন কিন্তু জাতীয় দলকে নিয়ে এমন ধ্বংসাত্মক খেলায় মাতার অধিকার কারো নেই। শেখ রাসেল সভাপতির বোধহয় জানা নেই বর্তমান ফুটবল বিশ্বে কোচই সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি অবশ্য ডিডোর সহকারী শফিকুল ইসলাম মানিকের বেতন নিয়েও প্রশ্ন তুলেছেন। পদত্যাগী কো-চেয়ারম্যানের প্রশ্ন, "এক হাজার ডলার দিয়ে কেন মানিককে পুষতে হবে ? কোচ নিয়োগ ও তাদের বেতন-ভাতা এবং জাতীয় দল নির্বাচনে স্বচ্ছতা ও নিরপেক্ষতা পরিলক্ষিত হচ্ছে না।" জবাবে বাদল রায় বলেছেন, "সব ঠিক আছে, উনার সঙ্গে মতের মিল না হলে কিছু করার নেই। এই কমিটিতে অনেক বড় বড় জাতীয় দলের খেলোয়াড় আছে।" ৯ সদস্যের কমিটিতে তিনিই একমাত্র অখেলোয়াড় আর তিনিই পরোক্ষভাবে অন্যদের ফুটবল জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে বসেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এএআর/২১২৯ঘ.