২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ ম্যাচ হাতে রেখেই বার্সেলোনা ও ইন্টারের শিরোপা

স্প্যানিশ কিংস কাপ জয়ের আনন্দ উপভোগ করতে করতেই আরেকটা শিরোপার উৎসবে মেতে উঠলো বার্সেলোনা। শনিবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২-৩ গোলে ভিলারিয়ালের কাছে হেরে যাওয়ায় ৩ ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা পুনরুদ্ধার করেছে 'বার্সা'।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 12:05 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

মাদ্রিদ/মিলান, ১৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্প্যানিশ কিংস কাপ জয়ের আনন্দ উপভোগ করতে করতেই আরেকটা শিরোপার উৎসবে মেতে উঠলো বার্সেলোনা। শনিবার তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ ২-৩ গোলে ভিলারিয়ালের কাছে হেরে যাওয়ায় ৩ ম্যাচ হাতে রেখেই স্প্যানিশ 'প্রিমেরা লিগা'র শিরোপা পুনরুদ্ধার করেছে 'বার্সা'। মাঠে না নেমে শিরোপা নিশ্চিত করেছে ইন্টার মিলানও। শনিবার উদিনেসের কাছে এসি মিলানের ১-২ গোলের পরাজয় ইন্টারকে এনে দিয়েছে ইতালিয়ান সিরি 'আ'র টানা চতুর্থ শিরোপা। বার্সেলোনার মতো ইন্টারও ৩ ম্যাচ আগেই নিশ্চিত করেছে শিরোপা। শুধু তাই নয়, ইতালিয়ান লিগের ১১১ বছরের ইতিহাসে টানা চার বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখানো মাত্র তৃতীয় দল এখন তারাই। হ্যাটট্রিক শিরোপা জয়ের আশা বাঁচিয়ে রাখার জন্য ভিলারিয়ালের বিপক্ষে জিততেই হতো রিয়াল মাদ্রিদকে। কিন্তু প্রতিপক্ষের মাঠ মাদ্রিগালে ১৭ মিনিটে রবার্ট পিরেসের হেড পিছিয়ে দেয় 'প্রিমেরা লিগা'র গত দু বারের চ্যাম্পিয়নদের। বিরতির পর ম্যাচে ফিরতে মরিয়া রিয়াল কোচ হুয়ান্দে র‌্যামোস মাঠে নামিয়েছেন গঞ্জালো হিগুয়েইনকে। তার সুফল পেতেও দেরি হয়নি। ৪৬ মিনিটে হিগুয়েইনের ক্রস থেকে রাফায়েল ফন ডার ফার্টের শট সমতা নিয়ে আসে ম্যাচে। তবে ৬২ মিনিটে ক্যানি আবার এগিয়ে দেন ভিলারিয়ালকে। নির্ধারিত সময় শেষ হওয়ার মিনিট দুয়েক আগে হিগুয়েইন আবার সমতা আনলেও শেষ রক্ষা হয়নি রিয়ালের। শেষ মুহূর্তে গোলরক্ষক ইকার ক্যাসিয়াসের ভুলের সুযোগ কাজে লাগিয়ে হোয়ান ক্যাপদেভিলার লক্ষ্যভেদ হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন ভেঙ্গে দিয়েছে রিয়ালের। আর বার্সেলোনাকে এনে দিয়েছে তিন মৌসুম পর শিরোপা পুনরুদ্ধারের আনন্দ। ৩৬ ম্যাচ থেকে রিয়ালের সংগ্রহ ৭৮ পয়েন্ট। অন্যদিকে এক ম্যাচ কম খেলে ৮৬ পয়েন্ট 'বার্সা'র। আবার দলকে চ্যাম্পিয়ন হতে দেখে স্বাভাবিকভাবেই দারুণ খুশি হোয়ান লাপোর্তা। দলের এমন দুর্দান্ত সাফল্যে কোচ আর খেলোয়াড়দের অভিনন্দন জানিয়ে বার্সেলোনা প্রেসিডেন্ট বলেছেন, "প্রথম ব্যক্তি হিসাবে আমি (কোচ) পেপ গার্দিওলাকে অভিনন্দন জানিয়েছি। এরপর পুরো দলের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছি। তাদের অসাধারণ একটা মৌসুম কাটছে। বলা যায় বার্সেলোনার ইতিহাসের অন্যতম সেরা মৌসুম। আমার বিশ্বাস এই মৌসুমে আরো অনেক কিছু তারা অর্জন করতে পারবে। উদাহরণ হিসাবে বলা যায় লিগে ১০৭ গোল করার রেকর্ডের কথা।" ইতিমধ্যে ১০৩ গোল করে ফেলা 'বার্সা'র জন্য এই রেকর্ড ভাঙ্গা খুবই সম্ভব। আরেকটা সম্ভাবনাও হাতছানি দিচ্ছে মেসি-এ'তো-জাভিদের। আগামী ২৭ মে রোমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারাতে পারলেই এই মৌসুমে 'ট্রেবল' জয়ের উচ্ছ্বাসে ভেসে যাবে তারা। রিয়াল মাদ্রিদের মতোই শিরোপার আশা বাঁচিয়ে রাখার জন্য শনিবার জিততেই হতো এসি মিলানকে। কিন্তু উদিনেসের মাঠে ৩১ মিনিটে ডি' অগাস্টিনোর পেনাল্টি এবং ৪৯ মিনিটে ক্রিস্টিয়ানো জাপাতার গোলে পিছিয়ে পড়ে তারা। শেষ মুহূর্তে মাসিমো আম্ব্রোসিনি একটি গোল ফিরিয়ে দিলেও তা মিলানের পরাজয় রুখতে পারেনি। আর তাই ৩৫ ম্যাচে ৭৮ পয়েন্ট পাওয়া ইন্টার মিলানের শিরোপা নিশ্চিত হয়ে গেছে। এক ম্যাচ বেশি খেলে ৭১ পয়েন্ট সংগ্রহ করা এসি মিলানকে এখন রানার্সআপ হওয়ার লড়াইয়েই শামিল হতে হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮১০ঘ.