২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশগাবাদের বিপক্ষে রণ-কৌশল নিয়ে বিভ্রান্তিতে আবাহনী

আশগাবাদ ফুটবল দলকে নিয়ে বিভ্রান্তিতে আছে ঢাকা আবাহনী। তুর্কমেনিস্তানের লিগ চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে লক্ষ্য জয় নাকি ড্র হবে তা নিয়ে বিতর্ক আছে নিজেদের মধ্যে। এই দোটানা সঙ্গী করেই নীল-আকাশীরা শনিবার এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আশগাবাদের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 01:37 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- আশগাবাদ ফুটবল দলকে নিয়ে বিভ্রান্তিতে আছে ঢাকা আবাহনী। তুর্কমেনিস্তানের লিগ চ্যাম্পিয়ন দলটির বিপক্ষে লক্ষ্য জয় নাকি ড্র হবে তা নিয়ে বিতর্ক আছে নিজেদের মধ্যে। এই দোটানা সঙ্গী করেই নীল-আকাশীরা শনিবার এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে আশগাবাদের। টুর্নামেন্ট শুরুর আগে স্বাগতিকরা দেখেছে আশগাবাদের খেলার ভিডিও ফুটেজ। দেখার পর কোচ অমলেশ সেনের মনে হয়েছিল, "এই দলের সঙ্গে জেতা সম্ভব। এমন আহামারি কোনো ফুটবল খেলে না আশগাবাদ ক্লাব।" কিন্তু ম্যাচ যতো ঘনিয়ে আসছে ততই নিজের ধারণা থেকে সরে যাচ্ছেন আবাহনী কোচ। বৃহস্পতিবার মাঠে বসে শ্রীলঙ্কান আর্মি দলের বিপক্ষে তাদের খেলা দেখার পর সেটা বদলাতেই পারে। যে দলকে কোনো রকমে ২-১ গোলে হারিয়েছে আবাহনী, সেই দলের বিপক্ষে আশগাবাদের জয় ৫-১ গোলের বিশাল ব্যবধানে। অন্তবর্তী কোচ সত্যজিৎ দাশ রূপুর মূল্যায়ণটা তাই এ রকম, "ওরা নিঃসন্দেহে আমাদের চেয়ে ভালো দল। মাঠ বড় করে নিয়ে খেলে ওরা, আক্রমণ করে মূলত দুই উইং দিয়ে আর ওদের স্ট্রাইকাররাও বেশ ভালো। আর্মি দলের বিপক্ষে যতগুলো সুযোগ পেয়েছে তার প্রায় সবগুলোই কাজে লাগিয়েছে ওরা।" এই বিবেচনা থেকেই আবাহনীর কৌশলটা সাজাচ্ছেন রূপু, "দুই উইং দিয়ে ওরা যেন আক্রমণ গড়তে না পারে, সেই চেষ্টা করতে হবে আমাদের। আর নিজেদের পাওয়া সুযোগগুলো কাজে লাগাতে হবে, যেটা আর্মির বিপক্ষে পারিনি আমরা।" ম্যানেজারের কথায় কৌশলের আভাস থাকলেও নেই লক্ষ্যের কথা। দলের অন্যান্য কর্মকর্তারাও বিভ্রান্ত, জেতার লক্ষ্য নিয়ে খেললে যদি হেরে গিয়ে আম-ছালা দুটোই যায়। বিকল্প হচ্ছে, ড্র করা গেলে অনন্ত তিন গ্র"পের মধ্যে সেরা রানার্স-আপ হওয়ার সম্ভাবনা টিকে থাকে। এসব মতবাদে মাথা ঘুরে গেছে অমলেশেরও, তিনি নরম সুরে বলছেন, "আশাগাবাদ ভাল দল, তাদের বিপক্ষে কী স্টাইলে আমরা খেলবো তা এখনো ঠিক করিনি।" জয় না ড্রয়ের লড়াই? এবারও তিনি দ্বিধান্বিত, "জিতলে তো কোনো সমস্যাই থাকে না। কিন্তু অল-আউট খেলতে গিয়ে যদি গোল খেয়ে বসি, সেটাও চিন্তার বিষয়।" দুশ্চিন্তা না করেও উপায় কী। আবাহনী-শ্রীলঙ্কা সেনাবাহিনীর ম্যাচ দেখে যখন আশগাবাদ কোচ বরিস গ্রেগরিয়ান্টস বলেন, "দুই দলের মান একই। আবাহনী ভাগ্যের জোরে জিতেছে।" ম্যাচজুড়ে আবাহনীর আধিপত্যের কোনো মানে নেই তার কাছে। প্রতিপক্ষকে আক্রমণের জোরায়ে ভাসানোর পরও এই কোচের মুখে একটুও প্রশংসা নেই নীল-আকাশীদের জন্য। এ-এক অদ্ভুত কোচ। মাঠে সারাক্ষণ এক জায়গায় ঠাঁই দাঁড়িয়ে থেকে দলকে প্র্যাকটিস করিয়েছেন। অবশ্য দৌঁড়ানোর মতো অবস্থাও নেই। বিশাল ভুঁড়ি সমেত তার অবয়ব দেখলে চমকে যেতে বাধ্য। এবং প্রথম দর্শনে সুমো কুস্তিগীরও মনে হতে পারে। এতে নাকি তার কিছু আসে যায় না। মিডিয়া নিয়ে বরাবরই অনাগ্রহী বরিসের ধ্যানজ্ঞান নিজের দল। প্রতিপক্ষ আবাহনীর সঙ্গে ম্যাচ নিয়ে চাপাচাপি করতে তার এক লাইনের জবাব, "আগামীকাল দেখো কী হয়।" হয়তো ঢাকা আবাহনীর সঙ্গে আশগাবাদের তুলনাটা তার পছন্দ হয়নি। এই দলের জন্ম ২০০৬ সালে, তারপর দু'বার টানা লিগ চ্যাম্পিয়ন। দলের মূল শক্তি জাতীয় দলের আট ফুটবলার। অনেক গোছানো দল নিয়ে এবার তারা নেমেছে এএফসি প্রেসিডেন্ট কাপের মিশনে। মিশন সফল করে আশগাবাদ গতবার সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার ব্যথা ভুলতে চাইছে। কিন্তু স্বাগতিক হয়ে আবাহনীও যে হাল ছেড়ে দিতে নারাজ। লড়াইয়ে ফেবারিট আশগাবাদ বলে আবাহনী সুযোগ পাবে অনেক কম, আর সেগুলো কাজে লাগিয়ে গোল বের করে নিতে হবে। গোলের জন্য খেললে সেনাদলের বিপক্ষে খেলানো একাদশই ধরে রাখবে এই ম্যাচে। নইলে অধিনায়ক নজরুলকে ফিরিয়ে রক্ষণে ৫জন খেলিয়ে শুরু থেকে ড্র-ই কামনা করবে। কোন পথে আশগাবাদকে ঠেকানো যাবে, সেটা বুঝতে উঠতে পারছে না নীল-আকাশীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/১৯৩৩ ঘ.