লন্ডন, ১৩ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিনেদিন জিদান মনে করেন, বিশ্বের সেরা ফুটবলারই হওয়ার যোগ্যতা রাখেন স্টিভেন জেরার্ড। ইংল্যান্ডের ফুটবল সাংবাদিকদের ভোটেও যেন এই ফরাসি গ্রেটের মন্তব্যেরই অনুরণন। এ মৌসুমে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলার হিসেবে লিভারপুল অধিনায়ককেই বেছে নিয়েছেন তারা।
ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশন (এফডব্লুএ)'র দেওয়া এই পুরস্কার জেতায় তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বী ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের রায়ান গিগস আর ওয়েইন রুনি। গত মাসে সতীর্থ খেলোয়াড়দের ভোটে মৌসুম সেরার পুরস্কার জিতলেও এবার গিগস পেরে ওঠেননি জেরার্ডের সঙ্গে।
২৮ বছর বয়সী এই মিডফিল্ডার এ মৌসুমে এখন পর্যন্ত লিভারপুলের হয়ে ২৩টি গোল করেছেন। ক্যারিয়ার সেরা এই পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে বর্ষসেরার স্বীকৃতি।
ইউরোপে 'বর্ষসেরা' ফুটবলারের প্রাচীনতম পুরস্কার এটিই। ১৯৪৮ সালে চালু হওয়া এফডব্লুএ ফুটবলার অফ দ্য ইয়ার পুরস্কার লিভারপুলের হয়ে সর্বশেষ জিতেছিলেন জন বার্নস, সেই ১৯৯০ সালে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১০ঘ.
bdnews24