মাদ্রিদ, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফ্রেঞ্চ ওপেন শুরুর আগের প্রস্তুতি পর্ব হিসেবেই দেখা হচ্ছে টুর্নামেন্টটিকে। কিন্তু মেয়েদের টেনিসের বিশ্ব র্যাংকিংয়ে দুই নম্বরে থাকা সেরেনা উইলিয়ামসের প্রস্তুতিটা মোটেই ভালো হলো না- ইনজুরির কারণে মাদ্রিদ ওপেনের প্রথম রাউন্ড থেকেই সরে দাঁড়িয়েছেন এই মার্কিন তারকা।
উরুতে চোট নিয়ে গত কয়েক সপ্তাহ ধরেই ভুগছেন সাবেক এই ওয়ার্ল্ড নাম্বার ওয়ান। এবার তার সঙ্গে যোগ হয়েছে হাঁটুর ইনজুরি। ফ্রান্সিসকা শিয়াভোনের বিপক্ষে প্রথম রাউন্ডের ম্যাচে সে কারণে খেলতেই নামেননি তিনি।
তবে ফ্রেঞ্চ ওপেনে তার খেলা নিয়ে কোনো সংশয় নেই এখনো। বরং সেরেনা নিজে বলেছেন, ফ্রেঞ্চ ওপেনে খেলা যেন অনিশ্চিত হয়ে না পড়ে সে কথা ভেবেই ঝুঁকি নিতে চাননি তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬৩২ ঘ.
bdnews24