২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'নিরস্ত্র' শ্রীলঙ্কান সেনাবাহিনীর ফুটবল নিয়েও চিন্তা আছে আবাহনীর

অস্ত্র রেখে তারা ফুটবল নিয়ে এসেছে ঢাকায়। তবে ফুটবলীয় মানসিকতা গরহাজির। বরং সেনা মেজাজ ফুটিয়েই শ্রীলঙ্কান সেনাবাহিনী দলের চেয়ারম্যান ঢাকা আবাহনীর সঙ্গে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। সেনাদলের সঙ্গে এক বেসামরিক ফুটবল দলের ম্যাচ দিয়ে মঙ্গলবার সন্ধ্য ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের খেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 04:06 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)----- অস্ত্র রেখে তারা ফুটবল নিয়ে এসেছে ঢাকায়। তবে ফুটবলীয় মানসিকতা গরহাজির। বরং সেনা মেজাজ ফুটিয়েই শ্রীলঙ্কান সেনাবাহিনী দলের চেয়ারম্যান ঢাকা আবাহনীর সঙ্গে লড়াইয়ের অঙ্গীকার করেছেন। সেনাদলের সঙ্গে এক বেসামরিক ফুটবল দলের ম্যাচ দিয়ে মঙ্গলবার সন্ধ্য ৬টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে এএফসি প্রেসিডেন্ট কাপের 'বি' গ্র"পের খেলা। এ লড়াইয়ে কারা এগিয়ে থাকবে? সোমবার বাফুফে ভবনে সংবাদ সম্মেলনে স্থানীয় সাংবাদিকরা খানিকটা শংকা প্রকাশ করেছেন শ্রীলঙ্কার সামরিক দলের সুস্থ-সুঠাম দেহের কারনে। ওদের মতো ফিটনেস কি আর আবাহনী লিমিটেডের খেলোয়াড়দের আছে? স্বাগিতক দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু আশ্বস্ত করে বলেছেন, "আমাদের পর্যাপ্ত ট্রেনিং আছে। সবাই এতদিন খেলার মধ্যেই ছিল।" সঙ্গে আকাশী-হলুদের অধিনায়ক নজরুল ইসলাম যোগ করেছেন, "দুই-আড়াই বছর ধরে এই দল এক সঙ্গে খেলছে, এটা আমাদের ইতিবাচক দিক।" এক সঙ্গে খেলাটা বিবেচনার বড় বিষয় হলে শ্রীলঙ্কা সেনাবাহিনী রীতিমতো অপ্রতিদ্বন্ধী হওয়ার কথা। কারণ সেনা সদস্যদের এই দল ছাড়া অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই। ফি-বছর তাদের চেনা দল, চেনা সতীর্থ। অথচ বাস্তবতা হচ্ছে, ১০ বছর ধরে লিগে খেলে এবারই তারা প্রথমবারের মতো শিরোপা জিতেছে। সুবাদে আন্তর্জাতিক ফুটবল অঙ্গনে পদার্পন এবং এএফসি প্রেসিডেন্ট কাপে অভিষেক। নিঃসন্দেহে যুদ্ধের বাইরে সেনাদলের দারুন এক অর্জন। কিন্তু সমস্যা হচ্ছে, শ্রীলঙ্কা সোনাবাহিনীর সঙ্গে ফুটবলটা যেন ঠিক যায় না। তামিলদের সঙ্গে তাদের যুদ্ধের চিত্রটাই বেশ মানায়। হয় নিজেরা মরে শহীদ হচ্ছে, নয় তামিলদের মেরে ঘাঁটি দখল করছে --- এরকম কীর্তিগাঁথাই লঙ্কান সেনাবাহিনীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এই যুদ্ধের মধ্যে তারা ফুটবল খেলার বিলাসিতা দেখাচ্ছে! কীভাবে খেলা যায় ? শুনেই দলের চেয়ারম্যান ব্রিগেডিয়ার ডুমিন্ডার সেনা-দম্ভ চাগার দিয়ে উঠে, "যুদ্ধ করলেও আমরা অন্য সবকিছুকে হেলাফেলা করি না। খেলাটা তো আমাদের বিশ্রামের মতো। তবে এখানেও আমরা ভাল করতে পারি, তার প্রমাণ হলো লিগ শিরোপা জয়।" দেশের মাটিতে প্রমাণের পর আন্তর্জাতিক অঙ্গনেও ভাল করার আগ্রহ নিয়ে এসেছেন কোচ মেজর এস পদ্মনাভন। তারা খেলবে ৪-৪-২ পদ্ধতিতে, দলে আছেন জাতীয় দলের দুই খেলোয়াড় ফরোয়ার্ড ঈসা বিন ও ডিফেন্ডার বিজয় সিড়ি। সমস্যা হচ্ছে, প্রতিপক্ষ সম্পর্কে তারা অন্ধকারে। এখানকার জল-হাওয়ার কথা মাথায় রেখে সেনাদলের কোচ বলেছেন, "আশগাবাদ নয়, এখানে ফেবারিট ঢাকা আবাহনী। পাকির আলীসহ ঢাকায় খেলে যাওয়া অন্যান্য শ্রীলঙ্কানদের কাছ থেকে তাদের সম্পর্কে এক-আধটু জেনেছি।" সেই জানা-বোঝা মিলিয়ে নেওয়ার দিন মঙ্গলবার। তার আগ পর্যন্ত আবাহনী কিছুতেই স্বস্তিতে নেই। তাদের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি এখন পুরোপুরি ফিট। কারো বড় কোনো ইনজুরি নেই। কিন্তু সব ঠিকঠাক থাকার পরও যে ঢাকা আবাহনীর দুয়ে দুয়ে চার মেলে না! মেলেনি ফেডারেশন কাপ ও কোটি টাকার সুপার কাপে। এক দলে ৭ জন জাতীয় দলের খেলোয়াড় থাকার পরও এরকম কেন হয় ? এই প্রশ্নের কোনো সদুত্তর নেই আকাশী-হলুদ শিবিরে। ম্যানেজার সত্যজিৎ দাশ রূপু ভাগ্যকে দুষছেন, "মাঠের খেলার সঙ্গে ভাগ্য না হলে হয় না।" ভিন্নমত হচ্ছে শুরুতে ডিফেন্সিভ হয়েই সর্বনাশ ডেকে আনে আবাহনী। এভাবেই ফেডারেশন কাপ ও সুপার কাপ শিরোপা হাতছাড়া করেছে বি. লিগ চ্যাম্পিয়নরা। এই মতে রূপু যখন আপত্তি করেন, তখন পাশে জন্ডিসে আক্রান্ত কোচ অমলেশ সেন নিশ্চুপ। তবে তাদেরও মানতে হবে লিগ বাদে টুর্নামেন্ট জেতার কোনো সূত্র এখনো তারা বের করতে পারেননি। তাই একটু শংকাও ভর করেছে আবাহনী শিবিরে। কারণ শ্রীলঙ্কা সেনাবাহিনীর বিপক্ষে না জিতলে মঙ্গলবারই শেষ হয়ে যেতে পারে স্বাগতিকদের এএফসি প্রেসিডেন্ট কাপের সেমিফাইনালে ওঠার স্বপ্ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/১৯৫০ঘ.