ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- আগামী ডিসেম্বরে ঢাকায় সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কুয়ালালামপুরে সাফের সভায় বাফুফে সভাপতি এই দাবি জানিয়েছেন।
আগামী ১ থেকে ১৫ ডিসেম্বর সাফ ফুটবল হওয়ার কথা ছিল ভারতে। কিন্তু ভারত টুর্নামেন্টটা আয়োজনে খুব একটা আগ্রহী না হওয়ায় এখন বাংলাদেশ চাইছে ঢাকায় আয়োজন করতে। গত সপ্তাহে মালয়েশিয়ার কুয়ালালামপুরে এএফসি কংগ্রেস চলাকালীন অনুষ্ঠিত হয় সাফের সভা। তাতে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ ঢাকায় আয়োজনের আগ্রহের কথা জানিয়ে সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য অনুরোধ করেছেন। অন্যদিকে নেপালও আগ্রহ প্রকাশ করেছে। চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আরো কিছুদিন অপেক্ষা করতে হবে জানিয়েছেন সভাপতি।
সভায় অন্যান্য বিষয়ের মধ্যে সাফের গঠনতন্ত্র নিয়েও ব্যাপক আলোচনা হয়েছে। "সবাই বর্তমান গঠনতন্ত্র পরিবর্তনের দাবি তুলেছে" ---- কুয়ালালামপুর থেকে দেশে ফিরে জানিয়েছেন কাজী সালাউদ্দিন। গঠনতন্ত্র পরিবর্তনের দাবির বড় কারণটা হচ্ছে, দীর্ঘদিন ধরে একই কমিটির অধীনে প্রায় অকার্যকর হয়ে পড়েছে সাফের বর্তমান কমিটি। কমিটির কোনো নির্দিষ্ট কার্যালয়ও নেই। দেখা গেছে কমিটির সভাপতি গণেশ থাপা এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাচ্চুর ব্রিফকেসেই ঘুরে এর কর্মকান্ড।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১০ঘ.
bdnews24