মাদ্রিদ, ১০ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বার্সেলোনার কাছে ২-৬ গোলে বিধ্বস্ত হওয়ার ধাক্কা সামলে ওঠার আগেই আরেকটি বড় আঘাত। স্প্যানিশ লিগের বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে শনিবার ৩-০ গোলে হারিয়েছে ভ্যালেন্সিয়া। আর টানা দ্বিতীয় এই হারে স্প্যানিশ লিগের শিরোপা জেতার সম্ভাবনা 'প্রায়' শেষ হয়ে গেছে রিয়ালের।
'প্রায়' লিখতে হচ্ছে, কারণ কাগজে-কলমে ক্ষীণতম একটা সম্ভাবনা এখনো রয়ে গেছে তাদের। কিন্তু সেই সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে রোববার রাতেই, যদি বার্সেলোনা নিজেদের মাঠে হারিয়ে দেয় ভিলারিয়ালকে। তাহলে তিন ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা জিতে নেবে ক্যাটালানরা।
শনিবারের ম্যাচে রিয়ালের শুরুটা একেবারে খারাপ হয়নি। কিন্তু প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চার মিনিটের ব্যবধানে হুয়ান মালাতা (২৯ মি.) আর ডেভিড সিলভার (৩৩ মি.) দুটি গোল এলোমেলো করে দিয়েছে সবকিছু। আর দ্বিতীয়ার্ধে (৬৭ মিনিটে) এর সঙ্গে আরেকটি গোল যোগ করেছেন রুবেন বারাহা।
এই হারের পর তিন ম্যাচ হাতে রেখে রিয়ালের পয়েন্ট রইলো আগের মতোই ৭৮। একম্যাচ কম খেলে বার্সেলোনার সংগ্রহ ৮৫। আর ৫৯ পয়েন্ট নিয়ে ভ্যালেন্সিয়া আছে চার নম্বরে। শনিবারের অন্য এক ম্যাচে রিয়াল মায়োর্কাকে ৩-১ গোলে হারিয়ে তৃতীয় স্থান ধরে রাখা সেভিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৬২৫ঘ.
bdnews24