২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন সালমা রফিক

এক বছর ক্যান্সারে ভোগার পর শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রীড়া সাংবাদিক সালমা রফিক। ১৯৫২ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সোনারকান্দি গ্রামে জন্ম নেওয়া মানুষটির বেড়ে ওঠা একজন অ্যাথলেট হিসেবে, সেই পথ ধরেই পরে তিনি হয়ে গেছেন এদেশের মহিলা ক্রীড়া সাংবাদিকতার অগ্রপথিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 02:16 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- এক বছর ক্যান্সারে ভোগার পর শনিবার ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ক্রীড়া সাংবাদিক সালমা রফিক। ১৯৫২ সালে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার সোনারকান্দি গ্রামে জন্ম নেওয়া মানুষটির বেড়ে ওঠা একজন অ্যাথলেট হিসেবে, সেই পথ ধরেই পরে তিনি হয়ে গেছেন এদেশের মহিলা ক্রীড়া সাংবাদিকতার অগ্রপথিক। ১৯৬৭ সাল থেকে সালমা রফিক শটপুট, ডিসকাস থ্রো, হার্ডলসে নিয়মিত অংশ নিতেন। প্রতিদ্বন্দ্বিতা করেছেন পূর্ব পাকিস্তান প্রাদেশিক ক্রীড়া, পূর্ব পাকিস্তান প্রাদেশিক ক্রীড়া, পাকিস্তান অলিম্পিক, আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়ায়। এছাড়া বাংলাদেশের প্রথম মহিলা কাবাডি দল ও প্রথম মহিলা ভলিবল দলের খেলোয়াড় ছিলেন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় অনার্স সালমা রফিক ১৯৭২ সালে যোগ দেন সাংবাদিকতায়। দৈনিক সমাজ, দৈনিক আজাদ ও সাপ্তাহিক কিশোর বাংলা হয়ে তিনি ১৯৭৭ সালে প্রকাশিত পাক্ষিক ক্রীড়াজগত পত্রিকায় যোগ দেন। মৃত্যুর আগে পর্যন্ত জাতীয় ক্রীড়া পরিষদের এই পত্রিকাটির নির্বাহী সম্পাদক ছিলেন তিনি। পাশাপাশি ক্রীড়া সংগঠনের কাজও তিনি দক্ষ ছিলেন। ক্রীড়াক্ষেত্রে অবদানের জন্য ২০০৩ সালে তাকে সম্মাননা প্রদান করে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি। মাত্র ৫৭ বছর বয়সে তিনি মারা গেছেন। বাদ জোহর শ্যামলীর এসওএস শিশুপল্লীর মসজিদে জানাজার পর বিকেলে তাকে বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। আগামী ১২ মে বিকেলে তার কুলখানি অনুষ্ঠিত হবে শ্যামলীর বাসভবনে। সালমা রফিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এসএইচ/২০২০ ঘ.