মাদ্রিদ, ৯ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- হাঁটুর ইনজুরি চেলসির বিপক্ষে সেমিফাইনালের ফিরতি লেগে মাঠে নামতে দেয়নি তাকে। আগামী ২৭ মে রোমে অনুষ্ঠেয় চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালও এই ইনজুরির কারণে মিস করতে পারেন বার্সেলোনার তারকা থিয়েরি অঁরি।
গত শনিবার স্প্যানিশ প্রিমেরা লিগার মহাগুরুত্বপূর্ণ ম্যাচে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই গোল করে বার্সার ৬-২ ব্যবধানে জয়ে বড় ভূমিকা রেখেছেন তিনি। কিন্তু সেই ম্যাচেই হাঁটুতে ব্যথা পেয়ে দ্বিতীয়ার্ধে মাঠ থেকে তাকে বেরিয়ে যেতে হয়েছে।
এখন বোঝা যাচ্ছে ইনজুরিটা বেশ গুরুতর। কারণ বার্সেলোনা তাদের ওয়েবসাইটে জানিয়ে দিয়েছে আগামী বুধবার অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে কিংস কাপের ফাইনাল এবং প্রিমেরা লিগার পরবর্তী তিন ম্যাচে (প্রতিপক্ষ ভিলারিয়াল, রিয়াল মায়োর্কা ও ওসাসুনা) খেলতে পারবেন না অঁরি।
অবশ্য লিগ শিরোপা প্রায় নিশ্চিত হয়ে যাওয়ায় ঐ তিন ম্যাচে তাকে না পেলেও বার্সার তেমন সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে রোমের ফাইনালে তাকে ভীষণ দরকার স্প্যানিশ 'জায়ান্ট'দের। বার্সেলোনার চিকিৎসকরা তাই আপ্রাণ চেষ্টা করছেন ২৭ মে'র আগে অঁরিকে সম্পূর্ণ সুস্থ করে তোলার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৭০৩ঘ.
bdnews24