২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথমবারের মতো জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসে নগদ অর্থ পুরষ্কার

শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা ব্যাংক ২৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। এতে সাড়ে পাঁচশ'র বেশি অ্যাথলেট অংশ নেবে বলে আশা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2009, 03:02 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- শনিবার থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ঢাকা ব্যাংক ২৫তম জাতীয় জুনিয়র অ্যাথলেটিকস। এতে সাড়ে পাঁচশ'র বেশি অ্যাথলেট অংশ নেবে বলে আশা করছে বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশন। শুক্রবার বঙ্গবন্ধু স্টেডিয়ামের মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফেডারেশনের সভাপতি এ. টি. এম হায়াতুজ্জামান নতুন এক ঘোষনা নিয়ে হাজির হয়েছেন। সেটা হচ্ছে বিজয়ীদের প্রথমবারের মতো নগদ অর্থ পুরস্কার দেওয়া হবে। প্রতি ইভেন্টে চ্যাম্পিয়নকে দেড় হাজার, রানার-আপ এক হাজার এবং তৃতীয়স্থান অধিকারীকে পাঁচ'শ টাকা করে দেওয়া হবে। এ বাবদ সম্ভাব্য খরচ এক লাখ আট হাজার টাকা, যার পুরোটাই দেবেন আদিব গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক চিশতী। প্রতিযোগিতার মূল স্পন্সর ঢাকা ব্যাংক দিচ্ছে আট লাখ টাকা যদিও বাজেট ধরা হয়েছে এগারো লাখ। দু' দিনব্যাপী এ আয়োজনে ৩৩টি ইভেন্টে প্রতিদ্বন্ধিতা হবে। তার মধ্যে বালক ও বালিকা ছাড়াও বয়সের হিসেবে অনূর্ধ্ব-১৫ এবং অনূর্ধ্ব-১৮ হিসাবে দুটো ভাগ করা হয়েছে অ্যাথলেটদের। শনিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জাতীয় জুনিয়র অ্যাথলেটিকসের উদ্বোধন করবেন ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, যিনি এই স্টেডিয়ামে ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের ঘোষনা দিয়েছেন ইতিমধ্যে। স্বাভাবিকভাবে তা ফুটবলের মতো অ্যাথলেটদেরও শংকায় ফেলে দিয়েছে। বিস্ময়কর ব্যাপার হচ্ছে ফেডারেশন সভাপতি হায়াতুজ্জামান এ নিয়ে একটুও চিন্তা করছেন না। উল্টো তিনি সংবাদ সম্মেলনে বলে বসেছেন, "এখানে ক্রিকেট হলে অ্যাথলেটিকসের খুব বেশি সমস্যা হবে না।" যা ফেডারেশনের অন্যান্য কর্মকর্তাদের বিব্রতকর অবস্থায় ফেলে দিলে তড়িঘড়ি করে সাধারণ সম্পাদক শাহ আলম মাইক্রোফোন নিয়ে বলতে শুরু করেন, "এখানে ক্রিকেট হলে অ্যাথলেটিকস একেবারে শেষ হয়ে যাবে। কারণ ক্রিকেট হলে ট্র্যাক তুলে ফেলতে হবে।" অ্যাথলেটিকস সভাপতি সম্ভবত জানেন না, অ্যাথলেটিকস ট্র্যাক রেখে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ক্রিকেট খেলা সম্ভব নয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.