হামবুর্গ, ৮ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ঘরের মাঠে অনুষ্ঠিত সেমিফাইনালের প্রথম লেগে ০-১ গোলের হার চাপের মধ্যে ফেলে দিয়েছিল ওয়ার্ডার ব্রেমেনকে। সেই চাপকে পেছনে ফেলে বৃহস্পতিবার ফিরতি সেমিফাইনালে হামবুর্গকে তাদেরই মাঠে ৩-২ গোলে হারিয়ে তারা পৌঁছে গেছে উয়েফা কাপের ফাইনালে। দুই লেগ মিলিয়ে ফলাফল ৩-৩ হলেও প্রতিপক্ষের মাঠে গোল করার সুবাদে ফাইনাল নিশ্চিত করেছে ব্রেমেন।
আগামী ২০ মে ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ফাইনালে ব্রেমেনের প্রতিপক্ষ ইউক্রেনের শাখতার দোনেৎস্ক। অন্য সেমিফাইনালে শাখতার স্বদেশেরই ডায়নামো কিয়েভকে হারিয়েছে ২-১ গোলে। কিয়েভে অনুষ্ঠিত প্রথম লেগ ১-১ গোলে ড্র হওয়ায় ৩-২ অ্যাগ্রিগেটে ইউক্রেনের প্রথম ক্লাব হিসাবে উয়েফা কাপের ফাইনালে ওঠার কৃতিত্ব দেখিয়েছে শাখতার।
হামবুর্গ অ্যারেনায় দুই জার্মান ক্লাবের লড়াইয়ে ১২ মিনিটেই স্বাগতিকদের এগিয়ে দেন ইভিকা ওলিচ। ২৯ মিনিটে ব্রাজিলিয়ান প্লেমেকার ডিয়েগো ম্যাচে সমতা নিয়ে আসার পর প্রথমার্ধে আর কোনো গোল হয়নি। ৬৬ ও ৮৩ মিনিটে ক্লদিও পিজারো ও ফ্র্যাঙ্ক বোম্যানের লক্ষ্যভেদে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় ব্রেমেন। শেষ বাঁশির মিনিট তিনেক আগে ওলিচ আরেকটা গোল করলেও তা ব্রেমেনের ফাইনালে উত্তরণ ঠেকাতে পারেনি। যদিও ফাইনালে ওঠার আনন্দের সঙ্গে দুঃসংবাদও পেয়েছে তারা। সাসপেনশনের কারণে ফাইনালে খেলতে পারবেন না দলের দুই গুরুত্বপূর্ণ সদস্য ডিয়েগো এবং স্ট্রাইকার হুগো আলমেইদা। ইস্তাম্বুলে এই দুজনকে ছাড়াই তাই মাঠে নামতে হবে ওয়ার্ডার ব্রেমেনকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৮২৯ঘ.
bdnews24