রিও ডি জেনিরো, ৭ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ফুটবল থেকে আর কোনো আনন্দ খুুঁজে পাচ্ছিলেন না বলে ইন্টার মিলানে আর ফিরেই যাননি। ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে চুক্তি ছিন্ন তো করেইছেন, এমনকি খেলা চালিয়ে যাবেন কিনা তা নিয়েও দোটানায় পড়ে গিয়েছিলেন কিছুটা। ক্যারিয়ার নিয়ে হতাশ হয়ে পড়া সেই আদ্রিয়ানো অবশেষে খুঁজে পেয়েছেন নতুন ঠিকানা। স্বদেশের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে যোগ দিয়েছেন এই ব্রাজিলিয়ান স্ট্রাইকার।
গত বিশ্বকাপ থেকেই আদ্রিয়ানোর ক্যারিয়ারের দুঃসময়ের সূচনা। ফিটনেস সমস্যা আর অতিরিক্ত মদ্যপানের বদভ্যাসের কারণে ব্রাজিল-ইন্টার দুদলেই নিজের আসন হারাচ্ছিলেন একটু, একটু করে। মার্চের শেষ দিকে ইকুয়েডর ও পেরুর বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের দুই ম্যাচে দলে থাকলেও মাঠে নামার সুযোগ পাননি এক মিনিটের জন্যও। তখনই জানিয়ে দিয়েছিলেন ইন্টারে আর ফিরতে চান না তিনি। এপ্রিলের মাঝামাঝি সমঝোতার ভিত্তিতেই চুক্তি ছিন্ন করে দুই পক্ষ ।
তারপর থেকে এ ক'টা দিন বেকার ছিলেন আদ্রিয়ানো। সেই বেকারত্ব ঘুচলো ফ্ল্যামেঙ্গোতে যোগ দেয়ার মাধ্যমে। ২০০৪এর কোপা আমেরিকা এবং পরের বছর কনফেডারেশন্স কাপের সর্বোচ্চ গোলদাতা হয়ে ব্রাজিলকে দুটো টুর্নামেন্টেরই শিরোপা জিততে সাহায্য করা আদ্রিয়ানো স্বদেশে ফিরে আবার জ্বলে উঠতে পারেন কিনা সেটাই এখন দেখার!
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/১৬৫৮ঘ.
bdnews24