লন্ডন, ৬ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ইংলিশ প্রিমিয়ার লিগে যা-ই হোক, চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে আর্সেনালের রেকর্ড দুর্দান্ত। নতুন স্টেডিয়ামটিতে ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় এর আগে কখনোই হারেনি তারা। এ মৌসুমে তো ৫ ম্যাচে গোল খায়নি একটিও। অথচ মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের ফিরতি সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে পাত্তাই পায়নি আর্সেনাল। ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত নৈপুণ্যে ৩-১ গোলের সহজ জয় দিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে পৌঁছে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। রোনালদো নিজে করেছেন দুই গোল, দলের প্রথম গোলটাও তারই পাস থেকে। গত সপ্তাহে ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত প্রথম লেগও ১-০ গোলে জিতেছিল ম্যানইউ।
ফাইনালে উঠতে হলে অন্তত দুই গোলের ব্যবধানে জিততে হতো আর্সেনালকে। কিন্তু মাত্র ১১ মিনিটের মধ্যেই এবারের চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ফাইনালিস্ট নিয়ে উত্তেজনা শেষ হয়ে গেছে বলা যায়! 'গানার'দের সর্বনাশের সূচনা অষ্টম মিনিটে, ১৯ বছর বয়সী লেফট ব্যাক কিয়েরান গিবসের এক অমার্জনীয় ভুলের মাধ্যমে। বাঁদিক দিয়ে আসা রোনালদোর এক নিরীহদর্শক ক্রস বিপদমুক্ত করতে গিয়ে উল্টো দলকেই বিপদে ফেলে দিয়েছেন গিবস। তিনি ভারসাম্য হারিয়ে পা পিছলে পড়ে যাওয়ায় বক্সের মধ্যে বল পেয়ে যান পার্ক জি সুং। সুযোগটার সদ্ব্যবহার করে দক্ষিণ কোরিয়ান মিডফিল্ডার এগিয়ে দেন ম্যানইউকে (১-০)।
এই গোলের রেশ কাটতে না কাটতেই তিন মিনিট পর আবার গোল। সেটা আবার অসাধারণ এক ফ্রিকিক থেকে। রোনালদোকে বক্সের বেশ বাইরে ফাউল করেছিলেন রবিন ফন পার্সি। আর্সেনালের পোস্টের থেকে প্রায় ৪০ মিটার দূরে পাওয়া ফ্রিকিকটা নিতে এলেন রোনালদো নিজেই। আর সবাইকে অবাক এবং আর্সেনাল গোলরক্ষক আলমুনিয়াকে হতভম্ব করে ফিফা ও ইউরোপের বর্ষসেরা ফুটবলারের বুলেট গতির শট প্রথম বার দিয়ে আছড়ে পড়লো জালে! কিছুক্ষণ পর ওয়েইন রুনির বাঁকানো শট আলমুনিয়া কোনোরকমে বাঁচাতে না পারলে ব্যবধানটা ৩-০ও হতে পারতো।
প্রথমার্ধে ম্যানইউ'র দুর্দান্ত নৈপুণ্যের সঙ্গে পেরে না ওঠা আর্সেনাল বিরতির পরও তেমন সুবিধা করে উঠতে পারেনি। দ্বিতীয়ার্ধে গিবসের বদলে নামা এমানুয়েল এবুয়েকে ফাঁকি দিয়ে আবারো দারুণ এক শট নিয়েছিলেন রোনালদো। কিন্তু এবার আর তিনি আলমুনিয়াকে পরাস্ত করতে পারেননি। তবে ৬১ মিনিটে রোনালদোকে আটকাতে পারেনি আর্সেনালের ডিফেন্স। 'রেড ডেভিল'দের তৃতীয় গোলটির জন্ম পাল্টা আক্রমণ থেকে। রোনালদোর সঙ্গে ওয়ান-টু খেলে পার্ক বল বাড়িয়েছেন রুনিকে। 'গানার'দের সীমানায় বিপজ্জনকভাবে ঢুকে পড়া রুনির আড়াআড়ি পাস এসে পড়েছে রোনালদোর পায়ে। তা থেকেই জোরালো শটে পর্তুগিজ তারকার লক্ষ্যভেদ।
তবে ইংলিশ ও ইউরোপীয় চ্যাম্পিয়নদের রাতটা সর্বাঙ্গীনসুন্দর হতে পারেনি মিডফিল্ডার ড্যারেন ফ্লেচারের ভুলের কারণে। ৭৫ মিনিটে আর্সেনাল অধিনায়ক সেস্ক ফ্যাব্রেগাসকে বক্সের মধ্যে ফাউল করার অপরাধে ফ্লেচার লালকার্ড দেখেছেন, আর স্বাগতিকরাও পেয়েছে পেনাল্টি। তা থেকেই দলকে সান্ত্বনার গোল এনে দিয়েছেন ফন পার্সি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৩২১ঘ.
bdnews24