স্টুটগার্ট, ৪ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মেয়েদের টেনিসে ওয়ার্ল্ড নাম্বার ওয়ান হওয়ার পর খেলতে নামা প্রথম টুর্নামেন্টটার শিরোপা জিততে পারলেন না দিনারা সাফিনা। রোববার জার্মানির স্টুটগার্টে অনুষ্ঠিত পোর্শে গ্রাঁ প্রিঁ টুর্নামেন্টের ফাইনালে তাকে হারিয়ে শিরোপা জিতে নিয়েছেন তারই স্বদেশী রাশিয়ান সভেৎলানা কুজনেতসভা।
বর্তমানে বিশ্ব র্যাংকিংয়ের নয় নম্বরে থাকা কুজনেতসভা ম্যাচটা জিতেছেন ৬-৪, ৬-৩ গেমে। ২০০৭ সালের পর ডব্লুটিএর কোনো আসরে এটাই তার প্রথম শিরোপা জয়।
এদিকে রোম মাস্টার্স টুর্নামেন্টের ফাইনালে নোভাক দিউকোভিচকে হারিয়ে ঠিকই শিরোপা জিতেছেন পুরুষদের ওয়ার্ল্ড নাম্বার ওয়ান রাফায়েল নাদাল। রোববারের ফাইনালে তিনি ৭-৬, ৬-২ গেমে হারিয়েছেন সেমিফাইনালে রজার ফেদেরারকে হারিয়ে দেওয়া দিউকোভিচকে।
রোমের এই টুর্নামেন্টে এই নিয়ে চতুর্থবার শিরোপা জিতলেন 'ক্লে কোর্ট' বিশেষজ্ঞ হিসেবে পরিচিত নাদাল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/১৯১০ ঘ.
bdnews24