লন্ডন, ২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সতীর্থদের ভোটে তার ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা খেলোয়াড় নির্বাচিত হওয়াটা পছন্দ হয়নি অনেকেরই। তবে পুরস্কারটা জেতার পর লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে যেন তার জবাবই দিলেন রায়ান গিগস। শনিবার এই মিডফিল্ডারের সঙ্গে কোরিয়ান ফরোয়ার্ড পার্ক জি সুংয়ের লক্ষ্যভেদে মিডলসবরোকে ২-০ গোলে হারিয়ে শিরোপার আরো কাছাকাছি চলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। চার ম্যাচ বাকি থাকতে নিকটতম প্রতিদ্বন্দ্বীদের চেয়ে তারা এখন ৬ পয়েন্টে এগিয়ে।
প্রতিপক্ষের মাঠে খেলা এই ম্যাচে রেড ডেভিলদের হয়ে গোলের সূচনা করেছেন গিগসই। ২৫ মিনিটে তার গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই জয় নিশ্চিত করা দ্বিতীয় গোলটি করেন সুং।
৩৪ ম্যাচে ইউনাইটেডের পয়েন্ট এখন ৮০, সমান ম্যাচ থেকে লিভারপুলের সংগ্রহ ৭৪ পয়েন্ট।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/২১১৮ ঘ.
bdnews24