ডারবান, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ধুম-ধাড়াক্কা ব্যাটিংয়ের খেলা টোয়েন্টি-টোয়েন্টির বিচারে ১১৯ নিতান্তই মামুলি সংগ্রহ। কিন্তু বুধবার কিংস ইলেভেন পাঞ্জাবের তোলা সেই মামুলি সংগ্রহ তাড়া করতে গিয়েই ব্যর্থ হয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। ৩ রানে হেরে পেয়েছে এবারের আইপিএলে প্রথম হারের স্বাদ।
ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বাইকে ভুগিয়েছে শচীন টেন্ডুলকার-সনাৎ জয়াসুরিয়ার রান না পাওয়া। ইনিংসের শুরুতেই এই দুজনকে হারিয়ে যে ধাক্কা খেয়েছে তারা, জেপি ডুমিনির ৫৯ রানের ইনিংসও তা থেকে আর টেনে তুলতে পারেনি তাদের। এ জন্য অবশ্য ডুমিনি নিজেও খানিকটা দায়ী, ছোট পরিসরের এই খেলার ফরম্যাটের সঙ্গে বেমানান তার ইনিংসটা ছিল ৬৩ বলের। ফলে শেষ দিকে আস্কিং রানরেটের চাপে পড়ে যায় টেন্ডুলকারের দল। শেষ ওভারে প্রয়োজন হয়ে পড়ে ১২ রানের, শেষ বলে ৫। ওই বলে ১ রান নিয়ে শেষ পর্যন্ত তাদের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ১১৬।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে কিংস ইলেভেন পাঞ্জাব ২০ ওভারে ১১৯ রান তুলেছিল ৭ উইকেট হারিয়ে। সর্বোচ্চ অপরাজিত ৪৫ রান করেছেন কুমার সাঙ্গাকারা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24