ঢাকা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---- ঢাকা এসে বিওএ প্রধানের হাতে অ্যাওয়ার্ড অব মেরিট পুরস্কার তুলে দিয়েছেন অলিম্পিক কমিটি অব এশিয়া'র (ওসিএ) সভাপতি শেখ আহমেদ আল-ফাহাদ আল সাবা। বুধবার মাত্র চার ঘন্টার সফরে ঢাকা এসেছিলেন তিনি।
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল মইন উ আহমেদকে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করতে হোটেল রেডিসনে এক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। সেখানে অলিম্পিক কমিটি অব এশিয়ার সভাপতি আল সাবা বলেছেন, "বাংলাদেশের ক্রীড়া উন্নয়নের অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এ পুরস্কার দেওয়া হয়েছে।" জবাবে সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ বলেছেন, "বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সব সদস্যদের কর্ম দক্ষতায় এটা সম্ভব হয়েছে। পাশাপাশি জাতীয় ক্রীড়া ফেডারেশনগুলোর ভূমিকাও ছিল ইতবাচক।"
এসময় ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার এবং বিওএ মহাসচিব কুতুব উদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন। বুধবার বিকেল ৩ টায় ওসিএ প্রেসিডেন্ট ঢাকা এসেছেন ৬ সদস্যের কুয়েতি প্রতিনিধি দলকে সঙ্গে নিয়ে। এসেই তিনি যমুনায় গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২১৫ঘ.
bdnews24