বার্সেলোনা, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- স্যামুয়েল এতো', লিওনেল মেসি আর থিয়েরি অঁরি - এই তিন তারকার দারুণ ফর্মের কল্যাণে এ মৌসুমে বার্সেলোনার ফরোয়ার্ড-লাইন যে কোনো দলের জন্যই মূর্তিমান আতঙ্ক। কিন্তু মঙ্গলবার বার্সার এই ত্রয়ীকে তাদের মাঠেই রুখে দিয়েছে গাস হিডিঙ্কের চেলসি। ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল প্রথম লেগের ম্যাচটি শেষ হয়েছে গোলশূন্যভাবে।
ন্যু ক্যাম্প স্টেডিয়ামে এ মৌসুমে এই প্রথম কোনো ম্যাচে গোল করতে ব্যর্থ হলো পেপ গার্ডিওলার দল। তাদের জন্য আরো দুঃসংবাদ, আগামী সপ্তাহে লন্ডনে দ্বিতীয় লেগের ম্যাচে খেলতে হবে ভাঙা দল নিয়ে। দলের সেরা দুই ডিফেন্ডার রাফায়েল মার্কেজ আর কার্লোস পুয়োলকে ওই ম্যাচে পাবে না তারা। মঙ্গলবারের ম্যাচে বঁ হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়া মার্কেজ এ মৌসুমেই আর মাঠে নামতে পারবেন না, আর এদিন হলুদ কার্ড পাওয়ায় দ্বিতীয় লেগে নিষিদ্ধ থাকবেন অধিনায়ক পুয়োল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচ/৯০৭ ঘ.
bdnews24