২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয়ার্ধে গিয়ে রং হারিয়ে সেই পুরনো বাংলাদেশ

এখনো বাংলাদেশের ফুটবলের দিনবদল পুরো হয়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে স্ট্যামিনা হারিয়ে ফেলছেন, প্রতিপক্ষের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে দাঁড়িয়ে পড়ছেন। এই দাঁড়িয়ে পড়া বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে ২-১ গোলে হারিয়ে মিয়ানমার এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বের পথে রওনা দিয়েছে। আর বাংলাদেশ সেরা গ্র"প রানার্স-আপ হওয়ার অপেক্ষায় আছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2009, 04:05 PM

Updated : 26 Aug 2022, 11:23 AM

ঢাকা, এপ্রিল ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- এখনো বাংলাদেশের ফুটবলের দিনবদল পুরো হয়নি। দ্বিতীয়ার্ধে গিয়ে স্ট্যামিনা হারিয়ে ফেলছেন, প্রতিপক্ষের সঙ্গে কুলিয়ে উঠতে না পেরে দাঁড়িয়ে পড়ছেন। এই দাঁড়িয়ে পড়া বাংলাদেশকে নিয়ে ছেলেখেলা করে ২-১ গোলে হারিয়ে মিয়ানমার এএফসি চ্যালেঞ্জ কাপের চূড়ান্ত পর্বের পথে রওনা দিয়েছে। আর বাংলাদেশ সেরা গ্র"প রানার্স-আপ হওয়ার অপেক্ষায় আছে। হেরে যাওয়ার পরও এই সম্ভাবনা টিকে আছে এখনো। কারণ অন্য তিন গ্র"পের সেরা রানার্স আপ মালদ্বীপের সংগ্রহ ৩ পয়েন্ট হলেও গোল গড় -১। সেখানে বাংলাদেশ এগিয়ে, ৩ পয়েন্ট ও শূন্য গোল গড় নিয়ে। এই হিসেবটা বাংলাদেশের কোচ এডসন সিলভা ডিডোও জানেন। তাই সঙ্গত প্রশ্নও উঠেছিল এরকম বাজে খেলে বাংলাদেশ চূড়ান্ত পর্বে গিয়ে কী করবে ? ডিডোর আশ্বস্ত করা জবাব, "চূড়ান্ত পর্ব নিশ্চিত হলে আমাদের ফিজিক্যাল ফিটনেস নিয়ে কাজ করতে হবে। ফিটনেস ভাল নয় বলেই দ্বিতীয়ার্ধে গিয়ে মিয়ানমারের সঙ্গে পেরে ওঠেনি বাংলাদেশ।" ্ অথচ ম্যাচ শুরুর বাংলাদেশ ছিল অন্যরকম। প্রতিপক্ষকে পেনাল্টি উপহার দিয়ে আবার তা ঠেকিয়ে ১২ মিনিটের মাথায় নিজেরা গোল করে এগিয়ে গিয়েছিল লাল-সবুজরা ! প্রথম মিনিটেই অঘটন ঘটে যায় বাংলাদেশের তরফে। বাঁদিক ধরে ইয়াজা থিন বাংলাদেশের ডিফেন্সে হানা দিলে মামুন মিয়া ফাউল করে বসেন। ফল অবধারিত পেনাল্টি। কিন্তু পোস্টে দেশের সেরা গোলরক্ষক আমিনুল যখন আছেন তখন আশায় থাকতে দোষ কোথায়। আশার প্রতিদান দিয়েছেন তিনি, ডানদিকে ঝাপিয়ে অবিশ্বাসভাবে মিন তুনের পেনাল্টি কিক ঠেকিয়ে ম্যাচে ধরে রাখেন বাংলাদেশকে। তারপর ঘটে আনন্দের ঘটনা। ক্যারিয়ারের তৃতীয় আন্তর্জাতিক ম্যাচে এনামুল দ্বিতীয় গোল করে এগিয়ে দেন দলকে। প্রথম ম্যাচে দলকে জেতানো এই স্ট্রাইকারের ১১ মিনিটের জোরালো শটটি মিয়ানমারের গোলরক্ষক সেভ করেছিলেন। কিন্তু পরের মিনিটে আর পারেননি, মিশুর কর্ণার-কিকে নেওয়া তার হেডটি আবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে উপস্থিত ৭ হাজার দর্শকের মনে স্বপ্ন এঁকে দেয়। ওই গোলের পর ম্যাচের কর্তৃত্ব তারা নিজেদের হাতে (পায়ে) নিয়েই শেষ করে প্রথমার্ধ। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বাংলাদেশ এক ছন্নছড়া দল। কিছুক্ষণ আগে যে দলটি খেলেছে তার সঙ্গে এর কোনো মিল নেই। নেই কোনো সুন্দর পাস, নেই কোনো আক্রম--- খানিকের বিরতিতে সবই কী ভুলে যেতে পারে ! বিস্ময়করভাবে তারা সব ফুটবল জ্ঞান গিলে খেয়ে বার বার বল তুলে দিতে থাকে মিয়ানমারের খেলোয়াড়দের পায়ে। তাতেই বিপদের ঘনঘটা বাংলাদেশ সীমান্তে। এমনই আক্রমণের তোপ যে গোল তখন শুধুই সময়ের অপেক্ষা। ৬৬ মিনিটে পাই সো'র হেডে ম্যাচে ফেরে মিয়ানমার। তার মিনিট দশেক পরেই পাই সো দ্বিত্ীয় গোল করেছেন আর তার আশে-পাশে দাঁড়িয়ে চেয়ে চেয়ে দেখেছেন বাংলাদেশের পাঁচ খেলোয়াড়। গোলের ব্যাবধান আরো বাড়তে পারতো, বাড়েনি আমিনুলের দুর্দান্ত সব সেভের কারণে। আসলে আমিনুল ছাড়া বাকি সবাই যেন একসঙ্গে দম হারিয়ে হাপিত্যেশ করছিল। জাহিদ-এমিলি বদলি হয়ে নেমেও জাগাতে পারেনি এই দলকে। উল্টো দ্বিতীয়বার হলুদ কার্ড (মানে লাল কার্ড) দেখে মাঠ ছাড়তে হয়েছে নাসিরকে। এ পরিণতির জন্য বাংলাদেশের কোচ ডিডো দুষছেন খেলোয়াড়দের ফিটনেসের অভাবকে। তুলনামূলক তরুণ দল হওয়াতে কোনো সমস্যা হয়েছে বলে মনে করছেন না তিনি। তার একটাই কথা, "তরুনদের সময় দিতে হবে, তাদের উদ্দীপ্ত করতে হবে।" আর এটা মানতে বলছেন, "দ্বিতীয়ার্ধে মিয়ানমারের খেলোয়াড়দের দৌড়ের সঙ্গে পেরে ওঠেনি আমাদের খেলোয়াড়রা।" মানে বাংলাদেশ এখনো ৯০ মিনিটের দল হয়ে উঠতে পারেনি! পারেনি ব্রাজিলিয়ান কোচের অধীনেও! বাংলাদেশ : আমিনুল, নাসির, মামুন মিয়া, রজনী, আরমান আজিজ, ওয়ালী ফয়সাল, মামুনুল ইসলাম (এমিলি), মিশু, মানিক, ইমন (জহিদ), এনামুল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২২০৫ঘ.